Home খেলাধুলা অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন স্টোকস

অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন স্টোকস

20

স্পোর্টস ডেস্ক||

বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের ওয়ানডে দলে অবসর ভেঙে ফিরেছেন বেন স্টোকস। আগামী মাসের ৮ তারিখে শুরু হতে যাওয়া দেশে মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। যদিও ২০১৯ বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা ফিরে আসছেন, এমন গুঞ্জন আগেই ছিল। অবশেষে সেটি নিশ্চিত হলো।

স্টোকস ফিরলেও অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে নেই পেসার জফরা আর্চার। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা এ ফাস্ট বোলারকে এখনো বিবেচনা করা হয়নি।

এর আগে গত বছরের জুলাইয়ে স্টোকস ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। তবে আগামী অক্টোবর থেকে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে তার ফেরা নিয়ে অনেক আলোচনা হয়েছে।

 

স্টোকসের ফেরা নিয়ে ইংল্যান্ডের পুরুষ দলের নির্বাচক লুক রাইট বলেন, ‘সাদা বলে আমাদের যে মেধা, সেটিরই পরিচায়ক দুটি শক্তিশালী দল ঘোষণা করতে পেরেছি আমরা। বেন স্টোকসের ফিরে আসার মাধ্যমে তার ম্যাচ জেতানোর সামর্থ্য ও নেতৃত্বের গুণ সেখানে বাড়তি কিছু যোগ করবে। আমি নিশ্চিত প্রতিটি সমর্থক ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে তাকে ফিরতে দেখাটা উপভোগ করবে।’

আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দলকে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। যেখানে ২৭ সেপ্টেম্বর চূড়ান্ত দল ঘোষণার শেষ সময়।

আগামী ৩০ আগস্ট চেস্টার-লি-স্ট্রিটে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের তিনটি ম্যাচ যথাক্রমে ১, ৩ ও ৫ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ড, এজবাস্টন ও ট্রেন্টব্রিজে। ৮ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ কার্ডিফে। পরের তিনটি ম্যাচ ১০, ১৩ ও ১৫ সেপ্টেম্বর যথাক্রমে সাউদাম্পটন, ওভাল ও লর্ডসে।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার, লুক উড।