Home খেলাধুলা এবার ক্রিকেটে শাস্তি হিসেবে ‘লাল কার্ড’!

এবার ক্রিকেটে শাস্তি হিসেবে ‘লাল কার্ড’!

11

স্পোর্টস ডেস্ক।।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আগামী ১৭ আগস্ট থেকে সিপিএলের ১১ তম আসর শুরু হচ্ছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নতুন এক নিয়ম চালুর খবর দিল সিপিএল কর্তৃপক্ষ। মন্থর গতির ওভারের জন্য ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ড চালু করলো তারা। খবর ক্রিকইনফোর।

সিপিএলের ২০২৩ আসরের ম্যাচের ওভারগুলিতে সময় নষ্ট করার জন্য পুরুষ এবং নারী দলগুলিকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এমনকি ২০ তম ওভারের শুরুতে ফিল্ডিং করা দল যদি নির্ধারিত সময়সীমার থেকে পিছিয়ে থাকে তাহলে সেই দলের একজন ক্রিকেটারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাতে পারবে আম্পায়ার।

টুর্নামেন্টের অপারেশন ডিরেক্টর মাইকেল হল এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে বলেন, ‘আমরা হতাশ হয়েছি যে আমাদের টি-টোয়েন্টি ম্যাচগুলি সময়ের দিক থেকে প্রতি বছর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই প্রবণতাকে আটকানোর জন্য আমরা সবরকম চেষ্টা করছি। ম্যাচ যাতে চলমান থাকে সেই বিষয়টি নিশ্চিত করা ক্রিকেটের সাথে জড়িত সকলের দায়িত্ব। আমরা টুর্নামেন্টের আগে ফ্র্যাঞ্চাইজি দলগুলি এবং আমাদের ম্যাচ কর্মকর্তাদের এই দায়িত্বের প্রতি সংবেদনশীল করেছি। আমাদের আশা ম্যাচের মধ্যে শাস্তির প্রয়োজন হবে না। কিন্তু আমরা বিশ্বাস করি এই নিয়মগুলোও থাকাটাও প্রয়োজন আছে।’

 

নিচে দেখে নিন ধীরগতির ওভার রেটের জন্য শাস্তি সমূহ:

১) যদি ১৮ তম ওভারের শুরুতে ফিল্ডিং করা দল প্রয়োজনীয় ওভার রেট থেকে পিছিয়ে থাকে তাহলে একজন অতিরিক্ত ক্রিকেটারকে অবশ্যই ফিল্ডিং বৃত্তে প্রবেশ করতে হবে। এতএব ফিল্ডিং বৃত্তের ভিতর মোট পাঁচজন ক্রিকেটার থাকবেন।

২) ১৯ তম ওভারের শুরুতে প্রয়োজনীয় ওভার রেটের হারের থেকে পিছিয়ে থাকলে ২ জন অতিরিক্ত ফিল্ডারকে অবশ্যই ফিল্ডিং বৃত্তে প্রবেশ করতে হবে। ফলে ফিল্ডিং বৃত্তের ভিতরে মোট ৬ জন ক্রিকেটারকে রাখতে হবে।

৩) শেষ ওভারের শুরুতেও যদি একইরকম ভাবে ফিল্ডিং করা দল নির্ধারিত ওভার রেটের হারের থেকে পিছিয়ে থাকে তাহলে অধিনায়ক দ্বারা নির্বাচিত ১ জন ক্রিকেটারকে মাঠের বাইরে চলে যেতে হবে এবং ফিল্ডিং বৃত্তের মধ্যে মোট ৬ জন ক্রিকেটারকে রাখতে হবে।

৪) ম্যাচ সময় মেনে চলমান রাখার জন্য ব্যাটিং দলগুলোর ওপরও দায়িত্ব থাকবে। আম্পায়ারদের প্রথম এবং চূড়ান্ত সতর্কতার পরেও ব্যাটিং দলকে সময় নষ্ট করলে প্রতিটি ঘটনার জন্য ৫ রান কেটে নেওয়া হবে।

এ নিয়ে মাইকেল হল আরও বলেন, ‘ওভার রেটের বিষয়টি তৃতীয় আম্পায়ার দিয়ে পর্যবেক্ষণ করা হবে। মাঠে থাকা আম্পায়ার অধিনায়ককে প্রতিটি ওভারের শেষে এই বিষয়ে সতর্ক করবে। গ্রাফিক্সের মাধ্যমে তারা কতটা ওভার রেটের বিষয়ে পিছিয়ে বা এগিয়ে আছে তা দর্শকদেরও জানানো হবে। মিথ্যা চোট, ডিআরএসের মাধ্যমে ব্যাটিং দলের সময় নষ্ট করার জন্যেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’