স্পোর্টস ডেস্ক।।
দলবদলের বাজারে বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো আগেই জানিয়েছিলেন, পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিতে পারেন নেইমার জুনিয়র। সেটিই সত্যি হলো। দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিতে রাজি হয়েছেন এই ব্রাজিলিয়ান।
দুই মৌসুমের চুক্তিতে নেইমারকে মোট ১৬০ মিলিয়ন ইউরো দিবে আল-হিলাল। দলবদলের শর্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে পিএসজি ও সৌদি ক্লাবটি। আগমনের ছয় বছর পর নেইমারের পিএসজি ছাড়া এখন একপ্রকার নিশ্চিত। খবর স্প্যানিশ গণমাধ্যম এল’ইকুয়্যেপের।
পিএসজিতে আর খেলতে চান না নেইমার, গত সপ্তাহেই ক্লাবকে জানিয়ে দিয়েছিলেন সেটা। নতুন ক্লাবও খুজতে বলেছেন ম্যানেজমেন্টকে। সেই সুযোগটি নিল সৌদি ক্লাব আল-হিলাল।
এর আগে ইউরোপের এক ঝাঁক তারকা কালিদু কুলিবালি, রুবেন নেভেস, সার্জেজ মিলিঙ্কোভিচ-স্যাভিচ এবং ম্যালকমের মতো তারকাদের দলে নিতে ১৫০ মিলিয়ন পাউন্ডের মতো খরচ করেছে আল-হিলাল।
২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান এই খেলোয়াড়কে পুনরায় পেতে আশাবাদী ছিল বার্সেলোনাও। নেইমারও বার্সেলোনায় যেতে চান। তবে, বার্সা নেইমারকে ৭০ মিলিয়ন পাউন্ডের মতো বিশাল মূল্যে নিতে চায় না বা সামর্থ্য নেই। খবর ইংলিশ গণমাধ্যম দ্য সানের।
নেইমারের চেলসি যাওয়া নিয়েও বেশ গুঞ্জন তৈরি হয়েছিল। খেলোয়াড়ের প্রতিনিধির সঙ্গে নাকি আলোচনাও করেছিল চেলসি। তবে জানা গেছে, চেলসির কোচ মউরিসিও পচেত্তিনো তার পুরনো শিষ্যকে দলে আনতে চান না। পুরনো তারকাদের বদলে প্রতিভাবান তরুণদের দলে ভেড়াতে চান তিনি।










































