মিলি রহমান।।
তাজা ফুলের সুবাস মুহূর্তেই মনকে ভালো করে দিতে পারে। এর সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। তাজা ফুল ঘরের আভিজাত্য বাড়িয়ে তোলে দ্বিগুণ। কিন্তু তাজা ফুল যখন নষ্ট হতে শুরু করে, তখন ঠিক ততটাই বাজে সমস্যার তৈরি হয়।
এ সমস্যা কিন্তু সহজেই সমাধান করা যেতে পারে। বাজার থেকে তাজা ফুল কিনে আনার পর বেশ কিছু উপায় মেনে চললেই প্রাকৃতিক ফুল থাকবে দীর্ঘ সময় সতেজ আর সুরভিত। তা কি জানেন?
জেনে নিই ফুল দীর্ঘ সময় সতেজ আর সুরভিত রাখার উপায়গুলো : ফুলদানিতে পরিষ্কার পানি রাখুন। ফুল ফুলদানিতে রাখার পর ফুলদানিটি এমন স্থানে রাখুন যেখানে গরম আবহাওয়া ও তাপমাত্রা বেশি নয়। সূর্যের আলোতে প্রাকৃতিক ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ফুলের কাণ্ড ছোট করে না কেটে একটু বড় করে কাটুন। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। এতে ফুল দীর্ঘ সময় তাজা থাকবে।
ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে থাকবে সে অংশে কখনোই যেন কোনো পাতা না থাকে। পানিতে থাকা কাণ্ডের অংশে পাতা থাকলে ফুল দ্রুত পচতে শুরু করে। দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার, দুই চামচ চিনি ও হাফ চা-চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিতে পারেন। এই পানীয়তে ফুলের কাণ্ড ডোবানো থাকলে ফুল দ্রুত পচে না; বরং দীর্ঘ সময় সতেজ থাকে।









































