Home আঞ্চলিক সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের দুদিনের রিমান্ড মঞ্জুর

সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের দুদিনের রিমান্ড মঞ্জুর

13

সাতক্ষীরা প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সাতক্ষীরা আদালত। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন ৫ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জিয়ারুল ইসলাম ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো ও অ্যাডভোকেট এসএম আকবর আলী।

সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, বিএনপি নেতা চাঁদ পূর্বে গ্রেফতার থাকায় ২৩ জুলাই রোববার তাকে সাতক্ষীরায় দায়ের করা মামলায় শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেফতার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হওয়ার পর ২৫ মে সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো।