বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে আনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার মালিয়াট গ্রামে। বুধবার দুপুর ১ টার দিকে মালিয়াট গ্রামের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যু নিয়ে পরিবার, প্রতিবেশী ও ইউপি চেয়ারম্যানের নিকট থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। আনোয়ার হোসেন কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি মালয়াট গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে স্ট্রোক করার পর থেকে তিনি অসুস্থ ছিলেন। একদিন আগেও যশোর সিএমএইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার দুপুরে ঘরের মধ্যে পড়ে গিয়ে শোকেসের গ্লাস ভেঙ্গে গলা কেটে যায়। এরপর তাকে উদ্ধার করে যশোর সদর হাসাপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খাঁ প্রথমে মুঠোফোনে পরিবারের উদ্বৃতি দিয়ে জানান, পারিবারিক নানা সমস্যার কারনে সে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে। তবে কিছুক্ষণ পর তিনি পড়ে গিয়ে শোকেসের গ্লাস ভেঙে গলা কেটে মারা গেছেন বলে জানান।
নিহতের স্ত্রী মাহফুজা বেগম জানান, দুপুরে ঘরেই ঘুমিয়ে ছিলেন তিনি। ঘুম থেকে উঠার পর মাথা ঘুরে শোকেসের গ্লাসের উপর পড়ে যায়। গ্লাসে তার গলার বিভিন্ন স্থানে কেটে যায়।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি সদস্য আনোয়ার হোসেন পড়ে গিয়ে শোকেজের গ্লাসে তার মুখ ও গলা কেটে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।











































