Home আঞ্চলিক রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি মার্গারেট

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি মার্গারেট

13

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল ও মেশিনারী পণ্য নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি মার্গারেট। মঙ্গলবার বিকেলে জাহাজটি বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। এরপর সন্ধ্যা থেকে খালাস কাজ শুরু হবে জাহাজে থাকা এ আমদানী পণ্যের।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স’র খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২দশমিক ৮৮২মেট্টিক ওজনের বিভিন্ন ধরণের ইলেকট্রিক্যাল ও মেশিনারী পণ্য নিয়ে গত ৬জুন মোংলা বন্দরের উদ্দেশ্যে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর ছেড়ে আসে এম,ভি মার্গারেট। এরপর রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। মঙ্গলবার সন্ধ্যা (৭টা) থেকেই এ জাহাজটি হতে ১৮৩প্যাকেজের ইলেকট্রিক্যাল ও মেশিনারী পণ্য খালাসের কাজ শুরু হবে। ৪৮ঘন্টা ধরে পণ্য খালাসের পর জাহাজটি বৃহস্পতিবার মোংলা বন্দর ত্যাগ করবে। পরে খালাসকৃত এসকল পণ্য সড়ক পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

এর আগে গত ২জুলাই রাশিয়া থেকে সরাসরি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি লিবার্টি হারভেস্ট। আর তারও আগে গত ২৯মে এম,ভি আনকা স্কাই, ৬মে এম,ভি আনকা সান ও ২৫এপ্রিল এম,ভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে রুপপুরের মালামাল নিয়ে এ বন্দরে এসোছিলো।

উল্লেখ্য, সাম্প্রতিককালে ৭টি জাহাজ কোম্পানীর ৬৯টি জাহাজে রুপপুরের পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাহিরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রুপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে আসছে এ বন্দরে। #