ক্রীড়া প্রতিবেদক
সামনে জাতীয় নারী দলের ব্যস্ত সূচি। খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। আছে এশিয়া কাপও। এজন্য খুব দ্রুত জাতীয় দলের কোচ নিয়োগ দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির উইমেন্স কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল জানালেন, কোচ নিয়োগের কার্যক্রম চলছে অনেক দিন ধরেই। এরই মধ্যে আগ্রহ দেখিয়েছেন অনেকজন। তাঁদের মধ্যে একজনকে চূড়ান্ত করেছে বোর্ড। আনুষ্ঠানিকতা শেষ করলেই বিসিবি নাম ঘোষণা করবে। বোর্ড আশা করছে খুব শিগগিরিই হাইপ্রোফাইল কোচ নারী দলের দায়িত ¡নেবেন।
২০১৮ সালের ২১মে ভারতীয় কোচ আঞ্জু জৈন জাতীয় দলের দায়িত্ব নেন। শুরুতে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। এ সময়ে বাংলাদেশ এশিয়া কাপ জেতায় ২০২০ নারী বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি বাড়ানো হয়। বিশ্বকাপে মেয়েদের কোচিং স্টাফের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল না বিসিবি। বিশেষ করে টুর্নামেন্ট চলাকালীন দলের ভেতরে আঞ্জু জৈনর অযাচিত কর্তৃত্বের বিষয়ে অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁর পরিকল্পনা এবং দল সাজানোতেও ঘাটতি পেয়েছে বিসিবি। এজন্য নতুন করে তাঁর সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহ ছিল না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। বিসিবিও লকডাউনের মধ্যেই চালিয়েছে নতুন কোচ নিয়োগের কার্যক্রম।
গণমাধ্যমে শফিউল আলম নাদেল বলেছেন, ‘আমরা বিশ্বকাপের পর থেকেই কোচ নিয়োগের প্রক্রিয়ায় ছিলাম। চার থেকে পাঁচজন কোচ বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহও দেখিয়েছে। তাদের ভেতরে আমরা একজনকে চূড়ান্ত করেছি। আনুষ্ঠানিকতা শেষ হলেই আমরা তাঁর নাম ঘোষণা করবো।’ ‘দ্রততম সময়ের মধ্যে আমরা কোচ নিয়োগ দিতে পারব। হয়তো এক মাসের মতো লাগতে পারে।’ তবে এবারও স্থানীয় কোচরা সুযোগ পাচ্ছেন না। বিভিন্ন সময়ে স্থানীয় কোচরা খন্ডকালীন দায়িত্ব পেলেও পূর্ণাঙ্গ দায়িত্ব পাননি। এবারও দেশের বাইরে থেকে কোচ উড়িয়ে আনছে বিসিবি। শফিউল আলম বলেছেন, ‘মেয়েদের কোচ হতে স্থানীয় অনেকেই আগ্রহ প্রকাশ করেছে। তবে আমরা চাই আগের মতো বিদেশি কোচই নিয়োগ দিতে। হয়তো সাপোর্ট স্টাফদের মধ্যে স্থানীয় কেউ থাকতে পারে।’
ভিয়েতনামে দর্শকভর্তি স্টেডিয়ামে ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মোকাবিলার জন্য মার্চ মাস থেকে বন্ধ হয়ে আছে ভিয়েতনামের শীর্ষ ফুটবল লিগ। তিনমাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে শুরু হয়েছে ফুটবল লিগ। আর প্রথম দিনেই দর্শকভর্তি ফুল হাউজ স্টেডিয়ামে খেলা হয়েছে ভিয়েতনামে।
দেশটির নামদিন শহরের স্টেডিয়ামে সর্বমোট ৩০হাজার দর্শক ধারণ করা সম্ভব। আর শুক্রবার ভিয়েতনাম লিগের ফুটবল ম্যাচে ঠিক ৩০ হাজার দর্শকই উপস্থিত ছিল। গুটিকয়েকের মুখে মাস্ক দেখা গেলেও অধিকাংশ দর্শক এসেছেন মাস্ক ছাড়া। সামাজিক দূরত্ব তো বজায় ছিলই না। কাঁধে কাঁধ মিলিয়ে দর্শকরা খেলা দেখেছেন, উল্লাস করেছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় নেই গ্যালারিতে উপস্থিত হাজার-হাজার দর্শকের কারোর মধ্যেই। না থাকার পেছনে বড় কারন দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মাত্র ৩২৮ জন। এর মধ্যে কোনো মৃত্যুর খবরও নেই। কমিউনিস্ট শাসিত দেশটি দারুণভাবে মোকাবিলা করেছে করোনাভাইরাসকে। এখন অর্থনীতির চাকা চালু করার জন্য দর্শকের উপস্থিতিতে খেলারও সবুজ সংকেত দিয়েছে দেশটির সরকার।
মাঠে উপস্থিত ৩০হাজার দর্শকের সবাইকে মাঠে প্রবেশের সময় অবশ্য তাপমাত্রা চেক করা হয়েছে। সবাইকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। এমনকি ৩০ হাজার দর্শক হয়ে যাওয়ার পর গেইটও লাগিয়ে দিয়েছে। তবে নামদিনে দর্শকের উপস্থিতিতেও স্বাগতিক দল নামদিন ২-১গোলে হেরে যায় ভিত্তেলের কাছে।
ফুটবল মাঠে ফেরার সূচি চূড়ান্ত
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে স্থগিত হওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের ম্যাচগুলোর নতুন তারিখ নির্ধারণ করেছে এএফসি। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘ফিফার নির্দেশনা অনুসারে এএফসি আগামী অক্টোবর ও নভেম্বরে বাছাইয়ের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো আয়োজন করবে।
‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। বাংলাদেশ ৮ ম্যাচের চারটি খেলেছে। বাকি ৪ ম্যাচের দুটি অক্টোবরে ও দুটি হবে নভেম্বরে। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ আগামী ৮অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে সিলেটে। পরে ১৩ অক্টোবর দোহায় খেলবে কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচটি। বাংলাদেশ শেষ দুটি ম্যাচ খেলবে নভেম্বরে ভারত ও ওমানের বিরুদ্ধে। নতুন সূচি অনুযায়ী ১২ ও ১৭ নভেম্বর ঢাকায় হবে এ ম্যাচ দুটি।
নতুন ক্রিকেট একাডেমির শুভেচ্ছাদূত রফিক
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটার হিসেবে দেশের ক্রিকেটকে দীর্ঘদিন সার্ভিস দেয়ার পর তার স্বপ্ন ছিল মাঠেই থাকবেন। ক্রিকেটের কাজই করবেন। কোথাও সুযোগ না পেলে কিউরেটর হিসেবে হলেও দেশের ক্রিকেটের জন্য কাজ করতে আগ্রহী ছিলেন মোহাম্মদ রফিক।
শুক্রবার রাতে ক্রীড়া সাংবাদিক নোমানমোহাম্মদের সঙ্গে ইউটিউব লাইভে অনেক খোলামেলা কথার ভিড়ে রফিক জানিয়েছেন, তিনি খুব শীঘ্রই হয়তো একটি একাডেমির সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন। সে ক্রিকেট একাডেমিটি করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট হাউজ ‘বসুন্ধরা গ্রুপ’।
আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে জাতীয় ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে সুপেয় পানি সরবরাহ করছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। প্রলয়ঙ্করী এই ঘূর্ণিঝড় দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তা-ব চালিয়েছে ভয়ানকভাবে।
এতে ঐসব এলাকা গুলোতে দেখা যায় খাবার পানির সঙ্কট। আর এই সমস্যা দূর করতে সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান ফুটস্টেপসের সঙ্গে মিলে অসহায় মানুষের ঘরবাড়ি নির্মাণ করে দেয়ার উদ্যোগ আগেই নিয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। এবার খাবার পানিও সরবরাহ করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঐ সব অঞ্চলের স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে দৈনিক ১ হাজার মানুষকে খাবার পানি দিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নারী এশিয়ান কাপের আয়োজক ভারত
ক্রীড়া প্রতিবেদক
২০২২ সালের নারী এএফসি এশিয়ান কাপের আসর আয়োজনের স্বত্ব লাভ করেছে ভারত। ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০২৩ সালের জানুয়ারিতে এই আসর শেষ হবার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
গোলডটকম’র এক সূত্রমতে আহমেদাবাদ ও মুম্বাই হতে পারে সম্ভাব্য দুটি ভেন্যু। ফেব্রুয়ারিতে এএফসি নারী ফুটবল কমিটি এশিয়ান কাপ আয়োজনের জন্য ভারতের নাম সুপারিশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ভাবে ভারতকে এর স্বত্ব দেয়া হয়েছে। আয়োজক দেশ হিসেবে টুর্নামেন্টে সরাসরি খেলার যোগ্যতাও লাভ করেছে ভারত। এর আগে ২০১৭ সালে ফিফা পুরুষ অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল ভারত। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও ভারতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
রাজনীতির মাঠে নামতে চান জুনায়েদ
ক্রীড়া প্রতিবেদক
ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার জুনায়েদ খান। গত বছরের মে’মাসে জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এরপর থেকে দলের বাইরে এ বোলার। জাতীয় দলে আর ফিরতে না পারলে পারিবারিক পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে নাম লেখাতে চান জুনায়েদ।
তবে জুনায়েদের প্রধান লক্ষ্য ফের জাতীয় দলে ফেরা। কিন্তু জাতীয় দলে সুযোগ না পেলে রাজনীতিতে জড়াবেন বলে জানালেন তিনি। জুনায়েদ বলেন ২০১৮ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে একটি আসন থেকে তার বাবাকে অংশ নেয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। তবে তার বাবা সেটি গ্রহণ করেননি। কিন্তু ভবিষ্যতে রাজনীতিতে সুযোগ পেলে দেশের খেলাধুলায় অবদান রাখতে চান তিনি।
প্রিমিয়ার লিগের দিনক্ষণ চূড়ান্ত
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস বিরতির পর অবশেষে মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। আগামী ১৭ জুন থেকে পুনরায় শুরু হবে ইউরোপিয়ান কাব ফুটবলের অন্যতম শীর্ষ আসরটি। প্রাথমিকভাবে তিন রাউন্ডের সূচি ঘোষণা করেছে আয়োজকরা।
ইপিএল মাঠে ফিরবে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড শিল্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। অ্যাস্টনের ঘরের মাঠ ভিলা পার্কে ১৭ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। স্বাভাবিকভাবেই রুদ্ধদ্বার স্টেডিয়ামে দর্শকশূন্য গ্যালারিতে হবে ম্যাচগুলো।
বার্সেলোনায় না গিয়ে খুশি ডি মারিয়া
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বের অনেক ফুটবলারের জন্য বার্সেলোনা ‘স্বপ্নের ঘর’। কাতালান কাব থেকে প্রস্তাব এলে ‘না’ করবেন, এমন খেলোয়াড় খুব বেশি পাওয়া যাবে না ফুটবল বিশ্বে। তবে তাদের দলে হয়তো পড়বেন না আনহেল ডি মারিয়া। বার্সেলোনা থেকে প্রস্তাব এসেছিল তাকে কেনার, কিন্তু বিক্রি করেনি প্যারিস সেন্ত জার্মেই। ফরাসি কাবটির এই সিদ্ধান্তে খুশিই আর্জেন্টাইন উইঙ্গার।
তিন বছর আগে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। তার জায়গা পূরণে বার্সেলোনা ফরাসি কাব থেকেই আনতে চেয়েছিল ডি মারিয়াকে। কিন্তু আলোচনা বেশিদূর গড়ায়নি। পিএসজি ৩২ বছর বয়সী আর্জেন্টাইনকে বিক্রি করতে রাজি হয়নি। ডি মারিয়াকে না পেয়ে বার্সেলোনা শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ড থেকে নিয়ে আসে উসমান ডেম্বেলেকে।
পাকিস্তানের অধিনায়ক থাকছেন বিসমাহ
ক্রীড়া প্রতিবেদক
স্পিন অলরাউন্ডার বিসমাহ মারুফের ওপর আস্থা রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আরও এক মৌসুম পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকবেন তিনি।
শুক্রবার পিসিবি আনুষ্ঠানিক ভাবে নতুন অধিনায়ক এবং খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি নিশ্চিত করে। পাশাপাশি নারী ক্রিকেটারদের বেতন বাড়ানো এবং ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক আকর্ষণীয় করেছে পিসিবি। তিন ক্যাটাগরিতে মোট নয় ক্রিকেটারকে নেওয়া হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। দশ জনকে রাখার পরিকল্পনা থাকলেও পারফরম্যান্স মূল্যায়ন করে খেলোয়াড় পায়নি পিসিবি। গত বছর সানা মির ছিলেন কেন্দ্রীয় চুক্তিতে। লক ডাউনের সময়ে এ ক্রিকেটার অবসর ঘোষণা করেন। তার জায়গায় কাউকে জায়গা দিতে পারেনি সংশ্লিষ্টরা।
ইউএস ওপেন নিয়ে চিন্তিত জোকোভিচ
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ মনে করেন, ইউএস ওপেনের খেলার জন্য যে ধরনের কঠোর স্বাস্থ্যবিধির নির্দেশনা দেয়া হয়েছে তা মেনে স্বাভাবিকভাবে একজন খেলোয়াড়ের অংশ নেয়া একেবারেই অসম্ভব।
করোনা মহামারীর কারণে এ বছর নিউইয়র্কে বছরের এই চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্ল্যাম আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। জোকোভিচ স্বীকার করেছেন, আয়োজকদের দাবিকৃত নির্দেশনাগুলো সকলের ওপরই বাড়তি চাপ ফেলবে। সার্বিয়ান ৩৩ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘গতকালই আমি বিশ্ব টেনিসের শীর্ষ কর্মকর্তাদের সাথে টেলিফোনে আলাপ করেছি। সেখানে মৌসুম চালিয়ে নেবার ব্যপারে কথা হয়েছে। বেশীরভাগই মত দিয়েছেন আগস্টের শেষে ইউএস ওপেন আয়োজনের ব্যপারে তারা আশাবাদী। কিন্তু এখনো তারা এই আয়োজন নিয়ে পুরোপুরি নিশ্চিত নন। যে ধরনের বিধি নিষেধের কথা তারা আমাকে জানিয়েছেন তার প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে এর মধ্যে খেলাটা সত্যিই কঠিন।’
করোনা যুদ্ধে রিয়াল-অ্যাটলেটিকো জুটি
ক্রীড়া প্রতিবেদক
মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ একে অন্যের প্রতিপক্ষ। কিন্তু করোনাভাইরাস ফুটবল ময়দানের এই দুই শত্রুকে এক করে দিয়েছে। দুই নগর প্রতিদ্বন্দ্বী করোনা যুদ্ধে এক সঙ্গে লড়তে এখন ঐক্যবদ্ধ।
করোনা সঙ্কটে স্পেনের রাজধানী মাদ্রিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে জুটি বেঁধেছে রিয়াল ও অ্যাটলেটিকো। দুই কাব মিলে গড়ে চলেছে করোনা যুদ্ধের তহবিল। এই ক্যাম্পেইনের নাম দিয়েছে তারা ‘মাদ্রিদ ফর মাদ্রিদ’। ইউরোপের বাজে ভাবে করোনায় আক্রাš Íদেশগুলোর মধ্যে অন্যতম হলো স্পেন। দেশটিতে এখনো পর্যন্ত মারা গেছেন ২৭ হাজারের অধিক মানুষ। যার মধ্যে শুধু মাদ্রিদেই মারা গেছেন ৮ হাজার মানুষ।
নেইমার-এমবাপ্পে বিক্রির জন্য নয়
ক্রীড়া প্রতিবেদক
এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আর নেইমার বার্সেলোনায়। দুই পিএসজি সতীর্থের ভবিষ্যতটা এভাবেই সাজিয়ে নিয়েছেন সমর্থকেরা। প্রতিদিনই এ সংক্রান্ত খবর পত্রিকায় আসে। দলবদলের গুঞ্জন জায়গা করে নেয় অনলাইন পোর্টালের পেইজগুলোতে। কিন্তু রিয়াল ও বার্সা দুই কাবের সমর্থকদের সতর্ক করে দিয়েছেন আন্দের হেরেরা। বলেছেন, পিএসজি কখনো তারকা বিক্রি করে না।
গত মৌসুমে নেইমার এমবাপ্পের সঙ্গী হয়েছেন আন্দের হেরেরা। করোনার কারণে মার্চে বন্ধ হওয়া লিগ আগে ভাগেই শেষ করে দিয়েছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। বড় এক ছুটিই তাই পেয়েছেন পিএসজির এই মিডফিল্ডার। স্প্যানিশ পত্রিকা এএসের সঙ্গে কথোপকথনে এমবাপ্পে ও নেইমারের ভবিষ্যৎ প্রসঙ্গে নিজের মতামতটা এভাবেই জানিয়েছেন, ‘আমি জানি না (কাব কাউকে বিক্রি করবে কি না)। কারণ ওরা কত আয় করে কিংবা কাব কত আয় করে এটা জানি না। শেষ পর্যন্ত এটা তো একটা প্রতিষ্ঠান। কিন্তু এটা জানি, ওরা প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। এবং যতদূর জানি ওরা পিএসজির সঙ্গে যুক্ত হতে পেরে খুশি।’
ফাতির জন্য ১০কোটি
ক্রীড়া প্রতিবেদক
মাত্র ১৬ বছর বয়সেই আবির্ভাব, আর তাতেই চমকে দিয়েছেন আনসু ফাতি। যে বয়সে অনেকে বার্সেলোনার ‘বি’ দলেও সুযোগ পান না, সেখানে এই কিশোর মূল দলেই জায়গা করে নিয়েছেন। কম বয়সে গোল করার সব রেকর্ড দখলে নিয়ে ফেলেছেন। এক ধাক্কায় বয়সভিত্তিক দলের অন্য সব ধাপ এড়িয়ে অনূর্ধ্ব-২১স্পেন দলে জায়গা করে নিয়েছেন। এ কারণেই তো আনসু ফাতির জন্য ১০০ মিলিয়ন ইউরোও কম মনে হচ্ছে বার্সেলোনার।
বার্সেলোনার হয়ে কৈশোরেই চমক দেখানোয় ফাতির সঙ্গী আর মাত্র দুজন। একজন বোজান কিরকিচ, যার সম্ভাবনাময় শুরুটা আশানুরুপ ফল দেয়নি। অন্যজন লিওনেল মেসি, কাব ফুটবলে যার রেকর্ড স্পর্শের বাইরে চলে যাচ্ছে দিন দিন। বার্সেলোনার ধারণা বোজান নয়, মেসির পথেই হাঁটার সম্ভাবনা বেশি ফাতির। কাতালান পত্রিকাগুলোর দাবি, গত বৃহস্পতিবার বার্সেলোনার সভাপতি হোসে বার্তেমেউর কাছে ফাতির জন্য ১০কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে ইউরোপের এক বড় কাব। করোনা পরবর্তী দলবদলের বাজারে যখন নেইমার-এমবাপ্পেদের মূল্যই অনেক কমে আসবে বলে ধারণা করা হচ্ছে, তখন ফাতির জন্য এত বড় প্রস্তাব অবশ্যই লাভজনক মনে হতে পারে বার্সেলোনার জন্য। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে।
ফুটবল ছেড়ে গলফ কোর্সে গুরু-শিষ্য
ক্রীড়া প্রতিবেদক
এ মাসের ১৯তারিখ মাঠে ফিরবে টটেনহাম। সেইফেরার প্রস্তুতিটা ভালোই নিচ্ছে হোসে মরিনহোর দল। গতকাল নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রতি দলে ১১ জন করে অনুশীলন ম্যাচও খেলেছেন ডেলে আলি-হ্যারি কেনরা। তবে প্রস্তুতির এই ব্যস্ততার মধ্যেও মজা করা কিন্তু থেমে নেই কেন-মরিনহোদের। অনুশীলন ম্যাচ শেষ করে সবাই মিলে চলে গেছেন গলফ খেলতে।
টটেনহামের কোচ, কোচিং স্টাফ আর খেলোয়াড়দের মধ্যে আয়োজন করা হয়েছিল একটি গলফ প্রতিযোগিতার। সেখানে অংশ নিয়েছেন কোচ মরিনহোর সঙ্গে স্ট্রাইকার কেনও। অনেক দিন পর হার্টফোর্ডশায়ারের গলফ কোর্সে ফিরতে পেরে দারুণ খুশি কেন। মিনি ওই গলফ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার পিটার ক্রাউচও। এ ছাড়া ছিলেন স্পোর্টস মেইলের প্রতিনিধি জেমি রেডন্যাপও।









































