দাকোপ (খুলনা) প্রতিনিধি।।
খুলনার দাকোপে পশ্চিম সুন্দরবনের কালাবগি ফরেষ্ট স্টেশনের বিপরীতে কালাবগি ঝুলন্তপাড়া সংলগ্ন সুতারখালী নদীতে খেপলা জাল টেনে খাবার মাছ ধরার সময়ে খায়রুল ইসলাম মোড়ল (২২) নামে এক ব্যক্তিকে কুমিরে নিয়ে গেছে। সে উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগি এলাকার আরশাদ মোড়লের ছেলে। গত মঙ্গলবার দিনগত রাত ৮টার দিকে এঘটনা ঘটে।
ইউপি সদস্য শেখ মহাসিন আলী জানান, খায়রুল তার এক বোন ছকিনা বেগমকে (বুলবুলি) নিয়ে সুতারখালী নদীর তীর দিয়ে খেপলা জাল টেনে খাবার মাছ ধরছিলেন। এমতাঅস্থায় কুমির এসে খায়রুলকে ধরে পানির মধ্যে নিয়ে যায়। এসময়ে তার সাথে থাকা ছকিনার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে খোঁজা খুঁজি করতে থাকে। এমন সময়ে খায়রুলকে মুখে নিয়ে কুমিরটি নদীর চরে ওঠে। এসময়ে কুমিরের মুখ থেকে খায়রুলকে ছাড়ানোর চেষ্টা করলে কুমিরটি আবার পানিতে ডুব দেয়। কিছুক্ষণ পর আবার কুমিরটি ভেসে ওঠে। তখন কুমিরের মুখে খায়রুলকে দেখা যায়নি। ধারনা করা হচ্ছে খায়রুলকে কুমিরটি খেয়ে ফেলতে পারে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, খায়রুলকে কুমিরে ধরে নিয়ে গেছে। তবে এখনো নদীতে খোঁজা খুঁজি চলছে।











































