কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম একটি প্রধান উৎসব ঈদুল আজহা। তাই সেই ঈদকে সামনে রেখে পশু কোরবানির সরঞ্জামাদী জোগান দিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানের কর্মশালার কারিগরেরা। দিন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়েছে তাদের ব্যস্ততা। লোহার আওয়াজ, হাপরের ফোঁসফাঁস আর হাতুড়িপিটার টুংটাং শব্দে মুখরিত এখন উপজেলার সকল কর্মকার পাড়া ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, হাপর দিয়ে কয়লার আগুনে লোহা পুড়িয়ে লাল করে ছোট-বড় নানা আকারের হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে ছুরি, বটি, দা, চাপাতি,কোপা ইত্যাদি। নতুন অস্ত্র বানানোর পাশাপাশি পুরনো অস্ত্র শান দেওয়ার কাজও করতে হচ্ছে সমানতালে। টাইম মতো খাওয়া-দাওয়া না করে ক্লান্তহীনভাবে করে চলেছে কাজ, কথা বলার মতো সময়ও নেই যেন কারো এমনি অবস্থা। এত পরিশ্রমেও ক্লান্তি নেই তাদের মুখে ফুটেছে হাসি। জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানের কর্মকারসালায় সারা বছরই লোহার তৈরি দা, বটি, ছুরি, চাপাতি, কোপা, কোদাল, কুড়াল, কাঁচি পাওয়া যায়। তবে কোরবানির ঈদকে সামনে রেখে পুরনো যন্ত্রপাতিতে বেড়েছে শানের কাজ। তারা জানান, পশুর চামড়া ছাড়ানোর ছুরি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৩৫০ টাকা, দা ৫৫০ থেকে ৬৫০ টাকা, বটি ৩০০ থেকে ৫০০ টাকা, পশু জবাইয়ের ছুরি ৩০০ থেকে ৬০০টাকা, চাপাতি ও কোপা ৯০০ থেকে ১২০০ টাকা। তবে ক্রেতাদের অভিযোগ অন্য বছরের তুলনায় দা, বটি, ছুরি, চাপাতি ও কোপার দাম একটু বেশি, সেই সাথে বেড়েছে শানানোর দাম ও ।
উপজেলার বাঁশবাড়িয়া এলাকার পরিতোষ কর্মকার, রবিন কর্মকার, নিমাই ও সুশান্ত কর্মকার জানান, কয়লা সষ্কট ও দা-বটি বানানোর লোহা আর ইস্পাতের দাম অন্য বছরের তুলনায় বৃদ্ধি। ঈদ এলে আমাদের কেনা বেচা বেড়ে যায়। ঈদের দুই থেকে তিন সপ্তাহ আগে থেকে কাজের চাপে দম ফেলার অবস্থা থাকে না আমাদের। তবে শানের কাজ বেশি। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছি আমরা। তারা বলেন এ মুহূর্তে কারিগর সংকট এ পেশায় এখন কেউ আসতে চায় না। লেবার দিয়ে কাজ করাতে হয় যে কারনে লাভ কম। গত বছরের তুলনায় বেচা কেনা কম। এ বছর চায়না স্টিলের সরঞ্জাম কিনছে অনেকে। তবে তাদের চেয়ে ভালো মানের জিনিস তৈরি করছেন তারা। ঈদের আগে শেষ মুহূর্তে এসে ব্যস্ততা বেড়ে যাওয়ায় খুুশি তারা। বর্তমানে এ পেশাকে বাঁচিয়ে রাখতে সকলে সরকারি সহযোগিতা কামনা করছেন। তারা বলেন, সরকারি সহযোগিতা না পেলে এ শিল্প টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।











































