খুলনাঞ্চল ডেস্ক।।
উত্তরাঞ্চলীয় পশ্চিম তীরে গতকাল সোমবার অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে করে সেখানে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি যোদ্ধারা রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটায়। অন্যদিকে ইসরায়েলি হেলিকপ্টার থেকে ফিলিস্তিনি বন্দুকধারীদের ওপর হামলা চালানো হয়। খবর এনবিসিনিউজ।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, এতে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরও আছে। এ ছাড়া এতে আহত হয়েছে ৯০ জন। অন্যদিকে ইসরায়েলের সাতজন সেনা আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সোমবার ভোর নাগাদ দুইজন জঙ্গিকে ধরতে জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক তাণ্ডব চালায়। তারা সেখানে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে।
ফিলিস্তিনের যোদ্ধারা জানিয়েছে, তারা ইসরায়েলের সাঁজোয়া গাড়িতে বিস্ফোরক বস্তু দিয়ে হামলা চালিয়েছে। সেইসঙ্গে বিভিন্ন গাড়ি অচল করে দিয়েছে।











































