ঢাকা অফিস||
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনীতি ততই সরগরম হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিএনপি- নানা কর্মসূচিতে মাঠে আছে উভয় দলই। কিন্তু নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে দেশের প্রধান দুই দলের অবস্থান এখনো বিপরীত মেরুতে। ফলে নির্বাচনকালীন সরকারব্যবস্থা কী হবে, তা নিয়ে নানা গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে। একদিকে প্রধান দুই দল রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছে; আরেকদিকে মাঠের বাইরে ‘তলে তলে নানা খেলা’ চলছে। দুপক্ষের দূরত্ব কমিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি প্রভাবশালী দেশ জোর তৎপরতা চালাচ্ছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৎপরতা বেশি দৃশ্যমান। শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে চীনের বক্তব্য রাজনীতির মাঠের বাইরের খেলাধুলারই অংশ বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল। প্রভাবশালী দেশগুলোর এ অবস্থানের কারণে শেষ পর্যন্ত দেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়- এমন প্রশ্নও এখন উঠেছে। কারও কারও আশঙ্কা, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একই সংকটে পড়তে হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমার মনে হয়, আমরা একটা ভয়াবহ সংকটে আছি। নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি থেকে এ সংকটের উৎপত্তি। আমরা যদি নিজেরা এর সমাধান করতে পারি, সেটাই হবে সঠিক কর্মপদ্ধতি, সঠিক কৌশল।’ বদিউল আলম বলেন, ‘সমস্যাগুলো অস্বীকার না করে এর সমাধানে আমাদের এগিয়ে আসা উচিত। আমাদের গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, মানবাধিকার নিশ্চিত করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ঐকমত্যে পৌঁছানো উচিত। এটাই হবে সঠিক পন্থা। এসব বিষয়ে যদি ঐকমত্যে পৌঁছানো না যায়, তাহলে আমরা আরও সংকটে পড়ব।’ ‘সরকার থাকতে পারবে না, বিদায় নিতে হবে’ বিএনপির এমন কথা গত ১৪ বছর ধরে শুনে আসছেন উল্লেখ করে গত শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন তারা করতে পারেনি। আর তারা সরকার বিদায় করবে আন্দোলন করে? বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলে বাংলাদেশে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করার সুযোগ নেই। আন্দোলন যাকে বলে, এখন পর্যন্ত তারা সেটা প্রমাণ করতে পারেনি।’ রাজনৈতিক সচেতন মহল মনে করেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় পশ্চিমা বিশ^। এবার সেই গণতান্ত্রিক বিশ^ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুষ্ঠু ভোট নিয়ে শক্ত অবস্থান নিয়েছে।
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ২০০৭ সালের ২২ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচন করতে তফসিল ঘোষণা করেছিল। আর ওই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয় আওয়ামী লীগ। দলটি রাজপথে জোরালো আন্দোলন শুরু করে। তাদের এই আন্দোলনের মধ্যেই মাঠের বাইরে বিভিন্ন প্রভাবশালী দেশ কূটনৈতিক তৎপরতা শুরু করে। যার ফলে ২০০৭ সালের ১১ জানুয়ারি ক্ষমতা নেয় সেনা সমর্থিত সরকার। পরবর্তীকালে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হয়। তখন থেকে টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। এই সরকারের আমলে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। আর এই ইস্যুতেই বিএনপি ও আওয়ামী লীগ বিপরীত মেরুতে অবস্থান করছে।
বিএনপির সচেতন নেতাদের পর্যবেক্ষণ, চারদলীয় জোট সরকারের আমলে ইসলামপন্থি দল হিসেবে পরিচিতি পাওয়া বিএনপি পশ্চিমা গণতান্ত্রিক বিশে^র কাছে তার অবস্থান স্পষ্ট করতে পারেনি। ভারতের সঙ্গেও আস্থার সম্পর্ক তৈরি করতে পারেনি। একই অবস্থা চীনের সঙ্গেও। আওয়ামী লীগের টানা তিন মেয়াদে মধ্যপ্রাচ্যসহ বিশে^র মুসলিম দেশগুলোর সঙ্গেও বিএনপির সম্পর্ক তলানিতে ঠেকেছে। এতে কূটনৈতিক দিক দিয়ে দুর্বল বিএনপি বহির্বিশে^ নাজুক অবস্থায় পড়ে যায়। এসব কারণে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে রাজপথের জোরালো আন্দোলনেও বিএনপি সফল হতে পারেনি বলে মনে করে দলটির শীর্ষ নেতারা।
তাদের মতে, এই আন্দোলনে ব্যর্থ হয়ে মামলাসহ নানা কারণে সাংগঠনিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে বিএনপি। এ অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সাজা হলে বেগম খালেদা জিয়া কারাগারে যান।
অনেকের ধারণা ছিল, খালেদা জিয়াকে জেলে নেওয়া হলে সরকারকে তুমুল আন্দোলনের মুখে পড়তে হবে। কিন্তু খালেদা জিয়ার অবর্তমানে তার বিএনপি ন্যূনতম আন্দোলন গড়ার চেষ্টাও করেনি। ওই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব নিলেও দলে তার প্রভাব ছিল সামান্যই।
এরপর গণফোরামের ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় বিএনপি। এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ধারাবাহিকভাবে তৃতীয় বারের মতো সরকার গঠন করে।
গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। কীভাবে ওরা গণতন্ত্র দেবে? ওরা বলে নির্বাচন দিচ্ছি, নির্বাচন চাই, ভালো নির্বাচন হবে- মানুষ তো বিশ্বাসই করে না, যে তুমি (আওয়ামী লীগ সরকার) একটা ভালো নির্বাচন দেবে। কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ভালো নির্বাচন করেছে? কোনো দিন না।’
রাজনৈতিক সচেতন মহল মনে করেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের চেয়ে এবারের পরিস্থিতি ভিন্ন। গত দুটি নির্বাচনে আওয়ামী লীগ ছিল নির্ভার। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। বিশেষ করে ২০২১ সালে র্যাব ও তাদের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর সরকার সতর্ক হয়। বিচারবহির্ভূত হত্যা কমে যায়। গত ২৪ মে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন বিষয়ে ভিসানীতি ঘোষণা করলে দেশের বিরোধী দল সরব হয়ে ওঠে। এরপর কংগ্রেসম্যান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের চিঠিতে আরও সরব হয়ে ওঠে বিরোধী নেতাকর্মীরা। গণতন্ত্র ও মানবাধিকার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এখন তৎপর। এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়। এই গুঞ্জনের বেশির ভাগ উৎস বিরোধী দলের দিক থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা গুজব এবং অনুমান নির্ভর কথাবার্তা ছড়াচ্ছে। কেউ বলছেন এবার নির্বাচন হবে রাষ্ট্রপতির অধীনে, আবার কেউ বলছেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস হবেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান। আবার কেউ ছড়াচ্ছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান হবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। সেখানে সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন।
কিন্তু এসব তথ্যের সত্যতা কোনো সূত্রই নিশ্চিত করতে পারছে না। এসব তথ্য গুঞ্জন হিসেবেই বাতাসে উড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শক্ত ভাষায় বক্তব্য দেন, তখন আবার বাস্তবতায় ফেরেন গুঞ্জনের সঙ্গে থাকা মানুষগুলো। কিছুদিন আগে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দেশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন জানিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছে। চীনের এই পক্ষ নেওয়ার বিষয়টি নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা হচ্ছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। এই দুই বিশ^ নেতার আলোচনায় বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়টিও উঠে আসতে পারে বলে গণমাধ্যমের খবর। গণমাধ্যম এমনও খবর দিচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ কমানোর চেষ্টা করতে পারেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ভিসানীতির পরও দেশের নির্বাচনীব্যবস্থা নিয়ে, অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ নিরসনে কিংবা বিরোধী দলের দাবির ব্যাপারে সরকারের নমনীয়তা দেখা যাচ্ছে না। দেশের সংবিধানে যে ব্যবস্থা আছে, সে অনুযায়ীই সরকার যথাসময়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।
এই অঞ্চলের ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বৃদ্ধির চেষ্টা রয়েছে। আর এই ভূরাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রধান দলগুলোর মধ্যে বিরোধ রয়েছে। এই পরিস্থিতির সুযোগেই যুক্তরাষ্ট্র নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। জাতীয় নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রসহ বিদেশি কূটনীতিকদের আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে দফায় দফায় বৈঠক বা দৌড়ঝাঁপ করতেও দেখা যাচ্ছে।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভারত এখনো বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে বিবেচনা করছে না। ভারতও নিজেদের স্বার্থে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পাশে থাকবে বলেই তাদের বিশ্বাস।
গত শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন ভিসানীতিতে তারা বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবেন, তাদের ক্ষেত্রে এ ভিসানীতি প্রয়োগ করা হবে। এ নীতি এখন অন্ধ-বধির হয়ে থাকবে না বাস্তববাদী হবে- আমরা দেখব।’ তিনি আরও বলেন, ‘ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায়-আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি, অপেক্ষায় থাকুন।’-আমাদের সময়











































