Home খেলাধুলা এজবাস্টনে বৃষ্টি আর বোলারদের দাপট

এজবাস্টনে বৃষ্টি আর বোলারদের দাপট

13

স্পোর্টস ডেস্ক।।

দ্বিতীয় দিনে ৫ উইকেটে ৩১১ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া তৃতীয় দিনের প্রথম সেশনেই অলআউট। সবমিলিয়ে প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬ রান। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২৬ রান করার পরই নামে বৃষ্টি। কিছুক্ষণ পর খেলা শুরু হলে পরপর দুই ওভারে হারায় দুই উইকেট। এরপর আবার শুরু হয় বেরসিক বৃষ্টি।

শেষ খবর অনুযায়ী, এজবাস্টনের মাঠে এখনো তুমুল বৃষ্টি হচ্ছে। তার আগে ২ উইকেট হারিয়ে ২৮ রানে ব্যাট করছিল ইংল্যান্ড। ওলি পোপ এবং আরেক পাশে জো রুট দুইজনই কোনো রান না করে অপরাজিত আছেন। ইংল্যান্ডের লিড ৩৫ রানের।

৩১১ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামা অস্ট্রেলিয়া এদিনও সকাল শুরু করে দারুণভাবে। তবে ৩৩৮ রানের মাথায় জেমস আন্ডারসনের বলে অ্যালেক্স ক্যারি ফিরলে স্বস্তি আসে ইংল্যান্ড শিবিরে। তাতে শেষ হয় ১১৮ রানের জুটিও। ৬৬ রান আসে ক্যারির ব্যাট থেকে। তবে ক্যারি ফিরলেও ওপেনিংয়ে নামা উসমান খাজা উইকেটে ছিলেন অবিচল।

সপ্তম উইকেটে অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে গড়েন ৩৪ রানের জুটি। ম্যারাথান ইনিংস খেলে ৩৭২ রানের মাথায় ফেরেন খাজা। পেসার ওলি রবিনসনের বলে বোল্ড হন তিনি। ৩২১ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় ১৪১ রান করেন খাজা। ইংলিশ পেসারদের দাপটে অজিরা শেষের ৩ উইকেট হারায় ১০ রানের মধ্যেই। তাতে সবকয়টি উইকেট হারিয়ে ৩৮৬ রান করতে সমর্থ হয় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন রবিনসন এবং স্টুয়ার্ট ব্রড। দুইটি উইকেট শিকার করেন স্পিনার মঈন আলী। আন্ডারসন এবং অধিনায়ক স্টোকস নেন একটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে বেশ সাবলীল শুরু করেন দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। ৬ ওভার ৫ বল খেলে দলের রান যখন ২৬ তখনই নামে বৃষ্টি। ঘণ্টাখানেকেরও বেশি সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে নবম ওভারে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। কামিন্সের বলে গ্রিনের দারুণ ক্যাচে ফেরেন ডাকেট। স্কট বোল্যান্ডের করা তার পরের ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দেন ক্রলি। তবে ১১তম ওভারের তৃতীয় বল হওয়ার পর আবারো বৃষ্টির কারণে থেমে যায় খেলা, যা থামেনি এখনো।

এর আগে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৯৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। প্রথম দিনে কোনো উইকেট না হারিয়েই ১৪ রান করেছিল অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় দিন শেষে করে ৫ উইকেটে ৩১১ রান তুলে।