ডয়েচে ভেলে।।
সম্প্রতি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে দেশটি সফর করছেন বাংলাদেশের ক্ষমতাসীন দলের বহু নেতা এবং সহানুভূতিশীলরা। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্টত প্রতিবাদী বলে মনে করেন কোনো কোনো বিশ্লেষক। এমন একটি বিশ্লেষণ সামনে এনেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে।
সাধারণ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। এ ভিসা নীতি ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা আমাদের ভিসা দেবে না, আমরা তাদের ওপর নির্ভরশীল থাকব না।’
বাংলাদেশে সবশেষ সাধারণ নির্বাচন হয়েছে ২০১৮ সালে। এর আগের নির্বাচন হয় ২০১৪ সালে। এসব নির্বাচনে কারচুপি, বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ আছে। অবশ্য তা বরাবরই অস্বীকার করে আসছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, শুধু ২০২১ সালে বাংলাদেশ থেকে ৮৩০ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। এছাড়া বাংলাদেশে শীর্ষ বিনিয়োগকারীদের অন্যতম মার্কিন কোম্পানিগুলো।
বাংলাদেশ কি যুক্তরাষ্ট্র থেকে দূরে সরছে এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিভ্রান্তিকর মনে করছেন ওয়াশিংটনভিত্তিক উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্সের পরিচালক মাইকেল কুগেলম্যান। ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অভিজাত অনেকের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকেন। শেখ হাসিনার পরিবারের সদস্যও দেশটিতে রয়েছেন। এ পরিস্থিতিতে মার্কিন মুলুকে উড়াল দেওয়ার ক্ষমতা না থাকা বড় ব্যাপার নয়, এমন পরামর্শ দেওয়া বিভ্রান্তিকর হবে।’
একই রকম মত দিয়েছেন জার্মানির বার্লিনের হামবোল্ডট ইউনিভার্সিটির অতিথি প্রভাষক ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক জেসমিন লর্চ। তিনি বলেন, ‘বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দৃঢ় সম্পর্ক রয়েছে। শেখ হাসিনা একের পর এক যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছেন। কিন্তু একই সময়ে তার দল আওয়ামী লীগের অনেক উচ্চপদস্থ নেতা ও সহানুভূতিশীল ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে যাচ্ছেন। তাদের সন্তানেরাও সেখানকার প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।’
ব্রিকসে যোগদানে ‘উপকার’ হবে জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানিয়েছেন, আগামী আগস্টে ব্রিকসে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ঢাকার। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এ জোটটি প্রতিষ্ঠার সময় থেকে দ্রুত অর্থনৈতিক বিকাশের আশার কথা বলে আসছে। তবে এখন এ জোটের সদস্যরা পশ্চিমানিয়ন্ত্রিত বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের বাইরে একটি পৃথক কূটনৈতিক ফোরাম ও উন্নয়ন তহবিল নিয়ে ভাবছে।
কয়লা এবং জ্বালানি সংকটে ভোগার মধ্যে ব্রিকসে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানাল বাংলাদেশ। বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ‘ঢাকা যদি সঠিকভাবে কার্ড খেলতে পারে, তবে পশ্চিমের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি বহাল রেখেও ব্রিকসে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নিজের লাভ তুলে আনতে পারবে।’ তিনি মনে করেন, পশ্চিমকে অবজ্ঞা করার কৌশল হিসেবে ব্রিকসে যোগ দিলে বাংলাদেশ ভুল করবে। কিন্তু এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্বার্থ অর্জন এগিয়ে নেওয়ার পথে সহায়তা করতে পারে।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি বেইজিংয়ের
বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখ-তা রক্ষায় পাশে থাকার ঘোষণা দিয়েছে বেইজিং। গত বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘সব ধরনের আধিপত্যবাদ এবং ক্ষমতার রাজনীতির বিরোধিতা করতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।’ মূলত এর পরই ব্রিকসে যোগ দেওয়ার কথা জানায় ঢাকা।
পরিস্থিতি ব্যাখ্যা করে জেসমিন লর্চ বলেন, কয়েক বছর ধরেই বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে ক্রমশ নিজেকে সরিয়ে আনছে। এর বিপরীতে চীন ও রাশিয়ার কাছাকাছি আসছে। এ দুটি দেশ বাংলাদেশের বর্তমান সরকারের ক্রম কর্তৃত্ববাদী শাসনের সমালোচনা করা থেকে বিরত রয়েছে বলে জানান এই বিশ্লেষক। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইইউ শর্তযুক্ত অর্থনৈতিক সহযোগিতা দিলেও বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে চীন মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র নিয়ে কোনো শর্ত আরোপ করছে না।’
‘সেই কারণে কথিত পশ্চিমা দাতাদের ওপর নির্ভরতা আওয়ামী লীগ তাৎপর্যপূর্ণভাবে কমাতে পারছে’, বলেন জেসমিন লর্চ। তিনি বলেন, ‘তবে কর্তৃত্ববাদী দেশগুলোর প্রতি ক্রমবর্ধমান নির্ভরতা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
তবে এখন দেখার বিষয়, ক্রমবর্ধমান পশ্চিমা চাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার কীভাবে সামাল দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বর্তমানে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচন আয়োজন করা প্রয়োজন।











































