ঢাকা অফিস।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এজন্য বিভিন্ন জায়গায় তারা দৌড়ঝাঁপ করছেন। তিনি বলেন, কারো ভিসানীতি বা নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের নির্বাচন ঠেকানো যাবে না। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর মিরপুরে ১০ আদর্শ উচ্চ বিদ্যালয়
মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশ হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপিও আসবে। অনেক দল আসবে। দলের অভাব হবে না। বিএনপি যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন এ দেশে হবেই। বিএনপি জানে, আগামী নির্বাচনে তাদের হেরে যাওয়ার ভয় আছে। এজন্য তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় টাকা-পয়সা দিয়ে লবিস্ট নিয়োগ করে। এত টাকা তারা কোথায় পায়?’
সেতুমন্ত্রী বলেন, কারো ভিসানীতি, নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন ঠেকানো যাবে না। তিনি বলেন, আমরা কারো ওপর হস্তক্ষেপ করি না। আমাদের নির্বাচনেও বাইরের কোনো দেশের হস্তক্ষেপ চাই না। নিয়মকানুন মেনে নির্বাচনে যাচ্ছি। নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার প্রধান শেখ হাসিনাই থাকবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আগে কোন দেশে পার্লামেন্ট বিলুপ্ত হয়? বাংলাদেশে কেন হবে? নির্বাচন শেষে পার্লামেন্ট ভাঙবে। আমাদের সংবিধান আছে। সংবিধানে যেভাবে আছে সেভাবে চলব। কারো পরামর্শে চলব না। পর্যবেক্ষক পাঠাতে পারেন দেখতে পারেন কেমন নির্বাচন হচ্ছে। নির্বাচনের ওপর দেশের মানুষ আস্থাশীল। সেই নির্বাচন নিয়ে বিএনপির কথায় বিভ্রান্ত হবেন না। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন বেসামাল হয়ে পদযাত্রায় এসেছে। এই পদযাত্রা শেষ পর্যন্ত পতনযাত্রায় রূপ নিবে। বিএনপির আর কোনো পথ নেই।
ওবায়ুদল কাদের বলেন, বিএনপির নিজেদের দলের ওপরই নিয়ন্ত্রণ নেই। বিভিন্ন সিটি নির্বাচনে তাদের নেতাকর্মীরা প্রার্থী হয়েছে। মির্জা ফখরুলের কথা শোনেনি। এখন তাদের অনেক নেতা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে জায়গায় জায়গায় দৌড়ঝাঁপ করছে।
বিএনপি এখন ফাউল করা শুরু করেছে উল্লেখ করে ভিসানীতি প্রয়োগকরীদের দৃষ্টি আকর্ষণ করে সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামে জাতির পিতার ছবি কারা ভাঙচুর করেছে? চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধ স্মৃতিচিহ্নের ওপর কারা হামলা চালিয়েছে? এরা কারা? এরা হচ্ছে বিএনপি। এরা পুরনো সন্ত্রাস, পুরনো হাওয়া ভবন, পুরনো ভোটচোর।
সেতুমন্ত্রী বলেন, ‘লোডশেডিং কমে গেছে। কয়েক দিন পর পুরোপুরি লোডশেডিং চলে যাবে। শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। দুর্দিন কেটে যাবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানাসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।











































