Home Uncategorized রাজনৈতিক উত্তাপেও ইসির প্রস্তুতি

রাজনৈতিক উত্তাপেও ইসির প্রস্তুতি

13

 

ঢাকা অফিস।।

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিএনপিসহ একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণায় অনড় রয়েছে। তাদের দাবি, নির্বাচনকালীন সরকারের অধীনে ভোট হতে হবে। অন্যদিকে ক্ষমতাসীনদের ভাষ্য- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। এই মতবিরোধ মেটাতে তৎপর কূটনৈতিক মহলও। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সংলাপের কথাও উঠেছে। আগাম নির্বাচনের গুঞ্জনও আছে। এমন পরিস্থিতির মধ্যে ঘোষিত রোডম্যাপ অনুসারে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সংবিধান অনুসারে, আগামী ২৮ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা জানুয়ারির প্রথম দিকে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে কাজী হাবিবুর আউয়াল কমিশন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী সব কাজ চলছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছি আমরা। কখন ভোট হবে, কমিশনসভায় চূড়ান্ত হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে দায়িত্বগ্রহণের পরেই সংসদ নির্বাচন কেন্দ্র করে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করে ইসি। সেই সংলাপে যায়নি বিএনপিসহ সমমান বেশ কয়েকটি রাজনৈতিক দল।

গত ১৪ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করে ইসি। নির্বাচনের পথে ইসির সামনে ১৪টি চ্যালেঞ্জ এবং সেগুলো থেকে উত্তরণের ১৯টি উপায় নিয়ে বলা হয়েছে রোডম্যাপে। ভোটের আগে কাজের সূচিও প্রকাশ করা হয়েছে। সেখানে ২০২২ সালের আগস্ট থেকে গত ফেব্রুয়ারির মধ্যে আইন সংস্কারের কথা বলা হয়েছে। এ ছাড়া ২০২২ সালের মার্চ থেকে গত ডিসেম্বরের মধ্যে সংলাপের কথা বলা ছিল, যা ইতোমধ্যে সম্পন্ন করেছে। গত জানুয়ারি থেকে জুনের মধ্যে সংসদীয় আসন পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে, যা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। গত আগস্ট থেকে আগামী

আগস্টের মধ্যে প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা তৈরির কথা বলা হয়েছে। অনলাইনে মনোনয়নপত্র জমা ও ভোটারের কেন্দ্র শনাক্তে একটি অ্যাপ প্রস্তুতের কার্যক্রম চলমান বলে জানা গেছে। এ ছাড়া রোডম্যাপে গত সেপ্টেম্বর থেকে চলতি জুনের মধ্যে নতুন দলের নিবন্ধন দেওয়ার কথা বলা হয়েছে।

যাচাই-বাছাই শেষে ১২ দলের বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানা গেছে। এ ছাড়া তফসিল ঘোষণার সঙ্গে সংসদীয় আসন অনুযায়ী ৩০০ এলাকার তালিকা প্রস্তুতিও চলছে। ভোটকেন্দ্র নির্ধারণের জন্য চলতি জুন থেকে আগামী আগস্ট পর্যন্ত সময়কাল নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করা হবে। সব এলাকায় কেন্দ্র স্থাপনের তথ্য চেয়ে মাঠপর্যায়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তফসিল ঘোষণার পরও প্রশিক্ষণ চলবে বলে রোডম্যাপে উল্লেখ করা হয়েছে। পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য গত জানুয়ারি থেকে আগামী আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করেছে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে স্বচ্ছ ব্যালট বাক্স, কালি, কলমসহ নির্বাচনসামগ্রী কিনতে দরপত্র আহ্বান করা হয়েছে। এ ছাড়া ব্যালট পেপারের জন্য কাগজ প্রস্তুতের কার্যাদেশ দেওয়া আছে।

ব্যালট ছাপানো হবে প্রার্থী চূড়ান্ত হলে। এ জন্য ৭০০ টন কাগজ সরবরাহ করার জন্য রাষ্ট্রায়ত্ত কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড (কেপিএম) কর্তৃপক্ষকে চাহিদাপত্র দিয়েছে ইসি। নির্বাচনের কাজে ব্যবহার করার জন্য কমিশন প্রায় সব কাগজই এশিয়ার সর্ববৃহৎ কাগজ কল কেপিএম থেকে নিচ্ছে। চাহিদাপত্র পাওয়ার পর মিল কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ সরবরাহ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেন, জাতীয় নির্বাচন ঘিরে বিজিবির কাঁধে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

২০১৯ সালের ৩০ জানুয়রি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সে অনুযায়ী ২০২৩ সালের নভেম্বর থেকে পরের বছর জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে হবে। ২০২৪ সালের ২৮ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসি।