স্পোর্টস ডেস্ক।।
অনেক দেন-দরবারের পর এশিয়া কাপ আয়োজন এবং এর ভেন্যু নিয়ে জটিলতা কেটেছে। পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলেই’ চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসর। তবে জটিলতা চলাকালীন পাকিস্তান হুমকি দিয়েছিল, তাদের মডেলে এশিয়া কাপ না হলে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বয়কট করতে পারে তারা। এমনকি খেললেও নির্দিষ্ট কয়েকটি ভেন্যু পছন্দ ছিল তাদের।
ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি নাজাম শেঠি দেশটিতে সফর করা আইসিসি সভাপতি গ্রেগ বার্কলি এবং প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসকে জানিয়েছেন, পাকিস্তানের ম্যাচগুলো যাতে চেন্নাই, ব্যাঙ্গালুরু কিংবা কলকাতায় আয়োজন করা হয়।
তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজনের কথা পরিকল্পনা করে ভারতীয় ক্রিকেট সংস্থা (বিসিসিআিই)। এর কারণ, স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা। এই স্টেডিয়ামে প্রায় ১ লক্ষ দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবে। যদিও শেঠি আইসিসিকে জানিয়েছেন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তান তখনই খেলবে যদি ম্যাচটি নকআউট পর্বের হয়, অন্যথায় নয়। কারণ হিসেবে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেছেন তিনি।
তবে এশিয়া কাপ নিয়ে জটিলতা কেটে যাওয়ায় সুর নরম করল পাকিস্তান। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান এখন তার প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে রাজি।
আরও পড়ুন:টানা দুই ফাইনালে ভারতের হার, টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
২০১৬ সালে সর্বশেষ ভারতের মাটিতে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। দুই দলের খেলায় এমনিতেই দর্শকদের আগ্রহ থাকে চরমে। তাছাড়া বিশ্বকাপে দর্শক হিসেবেও আসবেন প্রচুর বিদেশ্ সবকিছু চিন্তা করেই দুই দলের ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আয়োজনের কথা ভাবা হয়। এরই মধ্যে বিশ্বকাপের সময়সূচি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা (বিসিসিআই)। আশা করা যাচ্ছে, আগামী বুধবারের মধ্যে প্রকাশিত হয়ে যাবে বিশ্বকাপের সূচি। তখনেই চূড়ান্ত তথ্য পাওয়া যাবে, কোথায় হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ।











































