বিনোদন ডেস্ক।।
ভারত থেকে প্রথম মিস ইউনিভার্সের খেতাব জয় করেছিলেন সুস্মিতা সেন। আর সেই ঐতিহাসিক ঘটনার পর দেখতে দেখতে ২৯ বছর কেটে গিয়েছে। আর এই বিশেষ ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে রবিবার অভিনেত্রী তার ইনস্টাগ্রামে নিজের একটি পুরনো ছবি পোস্ট করলেন। এই ছবিটির বয়স প্রায় ৩ দশক হতে চলল। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে তাকে গালের দুপাশে হাত রেখে ছবি তুলতে দেখা যায়। সুস্মিতা তার এদিনের পোস্টে লেখেন, ‘এই ছবিটার বয়স ঠিক ২৯ বছর। এই ছবিটা তুলেছিলেন দুর্দান্ত চিত্রগ্রাহক প্রবুদ্ধ দাশগুপ্ত। এই ছবির মাধ্যমেই তিনি ১৮ বছর বয়সি আমিটাকে ফ্রেমবন্দি করেন।
উনি একটু হেসে আমায় বলেছিলেন, তুমি বুঝলে তুমিই কিন্তু প্রথম মিস ইউনিভার্স, যার ছবি আমি তুললাম। আমি তখন তাকে গর্বের সঙ্গে বললাম, এটা আসলে ভারতের প্রথম মিস ইউনিভার্সের ছবি।’ অভিনেত্রী আরো লেখেন এদিন তার পোস্টে, ‘নিজের মাতৃভূমিকে এভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করা এবং জয়লাভ করা মোটেই মুখের কথা নয়। এই ঘটনাটি আজো আমার চোখে জল এনে দেয়। ২৯ বছর পরেও আমি এই কথা মনে করতে বসলে আবেগঘন হয়ে পড়ি। আমি আজো এই দিনটি উদযাপন করি, মনে রেখেছি কারণ এই দিনেই প্রথম ভারত তার ব্রহ্মাণ্ড সুন্দরীকে পেয়েছিল, ২১ মে ১৯৯৪।’
অভিনেত্রী তার পোস্টে সবাইকে ধন্যবাদ জানান তাকে ভালোবাসা দেয়া জন্য, সুন্দর সুন্দর বার্তা পাঠানোর জন্য। সুস্মিতাকে আগামীতে আরিয়া ৩ সিরিজে দেখা যাবে। এই সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে। ২০২০ সালে এই সিরিজের প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল। আরিয়ার মাধ্যমে সুস্মিতা আবার বিনোদন জগতে ফিরে আসেন, একই সঙ্গে ওয়েব মাধ্যমে পা রাখেন।











































