Home জাতীয় আজ দুপুরের পর আঘাত হানবে: ১০ নম্বর মহাবিপদ সংকেত

আজ দুপুরের পর আঘাত হানবে: ১০ নম্বর মহাবিপদ সংকেত

11

খুলনাঞ্চল রিপোর্ট।।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। আজ দুপুরের পর থেকে এটি উপকূলে আঘাত হানতে শুরু করবে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ১৯০ কিলোমিটারে উঠেছে। শক্তি ও গতি বাড়িয়েই চলছে এটি। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, চট্টগ্রাম ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের দিকে ঘূর্ণিঝড়টির গতিপথ। যার অগ্রভাগের প্রভাব শনিবার রাতেই পড়তে পারে এবং বড় অংশ আঘাত হানার সম্ভাবনা রয়েছে রোববার বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে। এদিকে বাতাসের ভয়ঙ্কর এই গতিবেগ দেখে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। এছাড়া চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ঝুঁকি এড়াতে লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন। উদ্ধারকারী ও আইনশৃঙ্খলা সংস্থা এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা উপকূলীয় এলাকার লোকদের নিরাপদে সরিয়ে আনার কাজ করছেন। ঘূর্ণিঝড়ের কারণে রোববার ও সোমবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে ৬ টি শিক্ষা বোর্ড।

এছাড়া চারটি শিক্ষা বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৬টি জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ আমাদের টেকনাফ ও সেন্ট মার্টিনের দিকে ধাবিত হচ্ছে। ঝড়ের কেন্দ্রের পরিধি ৭৪ কিলোমিটার। এটি যদি সেন্ট মার্টিনের দক্ষিণ দিয়ে অতিক্রম করে তারপরও টেকনাফ ও সেন্টমার্টিনে কেন্দ্রের প্রভাব পড়বে। তিনি আরও বলেন, রোববার দুপুর ৩টা থেকে বিকাল ৪টার মধ্যে বড় অংশ আঘাত হানার সম্ভাবনা ৯০ শতাংশ। স্থলভাগে আঘাত করার পরে এটি যখন উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করবে, সেই সময় ৪ থেকে ৬ ঘণ্টা এর প্রভাব থাকবে। এর পরে ঝড়টি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে।
বাতাসের গতি বেড়েছে জানিয়ে তিনি বলেন, যখন এস্টিমেটেড সেন্টার প্রেসার কমে যায় তখন বাতাসের গতি বেড়ে যায়। কমপক্ষে ১০ ঘণ্টা আগে মহাবিপদ সংকেত দেয়ার নিয়ম, আমরা গতকাল দিয়েছি মহাবিপদ সংকেত। এখন যেহেতু ঝড়টি আরও এগিয়ে আসছে, কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের পাশ দিয়ে এর কেন্দ্র অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেই কারণে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় নিয়ে এসেছি।

এদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তরের ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা গতকাল দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এতে আরও জানানো হয়, শনিবার রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। ঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে। যে কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কক্সবাজারের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো থাকবে ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায়।

অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অতি ভারি বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

৬ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা: অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের ৬ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। শনিবার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, শুক্রবার সকালে মোখা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এখনো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটা যেভাবে অগ্রসর হচ্ছে, আশঙ্কা করছি, মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার জেলায় আঘাত হানবে। এর প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে।

জলোচ্ছ্বাসের উচ্চতা নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, টেকনাফ ও কক্সবাজারের জন্য সুনির্দিষ্ট করে ২ থেকে ৩ মিটার উচ্চতার (১ মিটার সমান ৩.২৮ ফুট) জলোচ্ছ্বাস হতে পারে। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা ও ভোলার জন্য ২ মিটারের কম উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ৩ মিটারের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হলে আশ্রয়কেন্দ্রের লোকজনের জন্য একটি আশঙ্কা থেকে যায়।

এনামুর রহমান বলেন, ‘এটির অবস্থান, গতিপথ ও গতি বিবেচনা করে আমরা স্থির করেছি, কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়ার জন্য। আর চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি রাখা হবে। মোংলায় ৪ নম্বর সতর্কতা সংকেত থাকবে।’

১০ নম্বর মহাবিপদ সংকেত কখন থেকে কার্যকর হবে, জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, শনিবার বেলা আড়াইটা থেকে এটি কার্যকর হবে। এখন সেন্টমার্টিনের সবাইকে আশ্রয়কেন্দ্রে আনা হলেও চট্টগ্রাম ও কক্সবাজারের শতভাগ আনা সম্ভব হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবে। এতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। তবে সশস্ত্রবাহিনী বিভাগের নেতৃত্বে সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ড কাজ করছে। এখন বাতাসের যে গতিবেগ ১৫০ থেকে ১৬০ কিলোমিটার, এটা বেড়ে হয়তো ১৮০ কিলোমিটার হতে পারে। এর বেশি হওয়ার শঙ্কা নেই। যে কারণে মোখাকে সুপার সাইক্লোন বা অতিপ্রবল ঘূর্ণিঝড় বলা যাবে না।’

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এবং মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

ওদিকে ঘূর্ণিঝড় মোখার তথ্য সংগ্রহ করতে পুলিশ সদর দপ্তর একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ দুর্যোগ সংক্রান্ত তথ্য ও সেবা নেয়ার অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ ছাড়া সেনা, বিমান, নৌবাহিনী, বিজিবি, কোস্ট গার্ডও উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদে সরিয়ে আনার কাজ করছে। নৌবাহিনীর ২১ জাহাজ উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে হেলিকপ্টার ও এয়ারক্রাফট।