Home জাতীয় লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গুলি করে হত্যা

24

ঢাকা অফিস।।

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান (৩৫) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর নোমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার মরদেহও জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ঘটনার জন্য নিহত আবদুল্লাহ আল নোমানের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাশেম জিহাদির সন্ত্রাসী বাহিনীকে দায়ী করেছেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এবিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে, অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।