স্পোর্টস ডেস্ক।।
প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের ‘ফিনালিসিমা’ জিতেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে ওয়েম্বলিতে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে তারা। নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ইংল্যান্ডের জয়সূচক সফল কিকটি নেন ক্লো কেলি। গত বছর তাঁর গোলেই জার্মানিকে হারিয়ে ইউরো জিতেছিল ইংল্যান্ড।
ছেলেদের ফুটবলে ইউরোপ ও লাতিন আমেরিকার মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে সর্বশেষ ফিনালিসিমা আয়োজিত হয়েছিল ২০২২ সালে। যেখানে ইতালিকে ৩-০ ব্যবধানে হারিয়ে জিতেছিল আর্জেন্টিনা, যারা পরে ২০২২ বিশ্বকাপও জেতে। এবার মেয়েদের বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হলো আরেকটি ফিনালিসিমা। চার মাস পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড (র্যাঙ্কিং ৪) আর ব্রাজিল (র্যাঙ্কিং ৯)।
মেয়েদের ফুটবলের শীর্ষস্থানীয় দুটি দলের শিরোপা লড়াই দেখতে ওয়েম্বলি স্টেডিয়ামে হাজির ছিলেন ৮৩ হাজারের বেশি দর্শক। বিপুলসংখ্যক স্থানীয় দর্শককে খুশি করে ম্যাচের ২৩ মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন এলা টুনি। তবে ব্যবধান মাত্র এক গোলের হওয়ায় সব সময়ই সমতায় ফেরার সুযোগ ছিল ব্রাজিলের। আর সেটিই ঘটে ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে।
ইংল্যান্ড গোলরক্ষক মেরি আর্পস ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় ৯৩ মিনিটে ব্রাজিলকে সমতা এনে দেন বদলি নামা আন্দ্রেসা আলভেজ। ম্যাচ টাইব্রেকারে যাওয়ার পর আর্পসের একটি সেভই ইংল্যান্ডকে ম্যাচে রাখে। দুই দলের প্রথম শট জালে প্রবেশের দ্বিতীয়টি দুই গোলরক্ষকই রুখে দেন। এর পর তৃতীয়টি থেকে ইংল্যান্ড গোল করলেও মিস করেন ব্রাজিলের অধিনায়ক রাফায়েলে সুজা।
এর পর চতুর্থ শটটি সফলভাবে জালে জড়িয়ে ইংল্যান্ডকে শিরোপাজয়ের মুহূর্ত এনে দেন কেলি। এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকল ইংল্যান্ডের মেয়েরা।











































