Home আঞ্চলিক বাঁশের বেড়ায় তিন পাড়ার ৫০ পরিবার অবরুদ্ধ!

বাঁশের বেড়ায় তিন পাড়ার ৫০ পরিবার অবরুদ্ধ!

21

কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের কেশবপুরের নতুন মূলগ্রামে কর্মকারপাড়া, বিশ্বাসপাড়া ও খাঁপাড়ার প্রায় ৫০ পরিবারের যাতায়াতের পথ জাল দিয়ে দুটি স্থানে ঘিরে রেখেছে ক্ষমতাধর এক ব্যক্তি। ভুক্তভোগীরা এ ঘটনায় তাদের যাতায়াতের পথের প্রতিবন্ধকতা অপসারণের জন্য উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত আবেদন করেছেন।

বৃহস্পতিবার সরেজমিন ঘটনাস্থলে যেয়ে দেখা যায়, কর্মকারপাড়া, খাঁপাড়া ও বিশ্বাসপাড়া থেকে প্রধান সড়কে আসার পথে প্রায় ৫০ ফুট দীর্ঘ পথের ২টি স্থানে বাঁশের বেড়া ও জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই পথ দিয়ে তিন পাড়ার বাসিন্দাসহ এলাকার মানুষ নতুন মূলগ্রাম হাটে যান। বিল থেকে ফসল নিয়ে আসেন।

এ প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত সায়রা বানু (৬৫) বলেন, আমাদের এলাকার মানুষ বন্ধ করা পথ দিয়ে ধান বাড়ি আনত। ৫০ বছর আগে তার বিয়ে হয়েছে। তখন থেকেই দেখছেন এই পথে কর্মকারপাড়ার মানুষ যাতায়াত করেন। এখন এলাকার সাবেক মেম্বার মোশারফ হোসেন মঙ্গলবার পথের দুই মাথায় বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন।

ভুক্তভোগী ইন্দ্রজিত কর্মকার বলেন, তাদের এখন প্রায় এক কিলোমিটার ঘুরে নতুন হাটে বাজার করতে যেতে হয়। পথ বন্ধ না করলে ২শ মিটার গেলে নতুন হাটে যাওয়া যেত।

বেড়া দেওয়ার ঘটনা সম্পর্কে মোশারফ হোসেন জানান, তিনি ভাইদের কাছ থেকে এই জায়গা দলিল করে নিয়েছেন। কোনো মতেই তিনি অবরুদ্ধ পাড়ার লোকজনদের এই পথ ব্যবহার করতে দেবেন না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মানবিক কারণে পথের বেড়া অপসারণ করা প্রয়োজন বলে জানান। তিনি জানান, বন্ধ করা পথের পাশে রাস্তায় আসার জন্য একটি সরকারি জায়গা রয়েছে। সেটি ভেঙ্গে পুকুরে পড়েছে। এটি প্রকল্প নিয়ে রাস্তা করে দিলে সমস্যার সমাধান হবে।