কাজী মোহাম্মদ ইউনুছ, বাগেরহাট থেকে ফিরে।।
ভারতীয় প্রমোদতরী ‘গঙ্গা বিলাসে’ বাংলাদেশে আসা ব্রিটিশ, নরওয়ে ও কানাডিয়ানসহ ২২ পর্যটক বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মোংলা থেকে সড়ক পথে তারা ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে আসেন। এ সময় বাগেরহাট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথিদের অভ্যর্থনা জানান। বুধবার (৫ এপ্রিল) দুপুরে বিদেশি পর্যটকবাহী প্রমোদতরী গঙ্গা বিলাস মোংলা বন্দরে পৌঁছায়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ষাটগম্বুজ পৌঁছানোর পরে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন অতিথিদের বাগেরহাট জাদুঘর ও ষাটগম্বুজ মসজিদের নান্দনিক সৌন্দর্য্য ঘুরিয়ে দেখান। এ সময় অতিথিদের কাছে ইংরেজি ভাষায় ষাটগম্বুজের ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা বাগেরহাটের ইতিহাস সম্পর্কে বর্ণনা করেন। এমভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান জানান, ‘ষাটগম্বুজ ঘুরে ব্রিটিশ, কানাডিয়ান ও নরওয়ের পর্যটকরা খুব আনন্দ প্রকাশ করেছেন। তাদের এই ভ্রমণটি পৃথিবীর সবচেয়ে লং ট্যুর রিভার ক্রুজ। তিনি আরও জানান, এরপর মোংলায় ফিরে আগামীকাল শুক্রবার পূর্ব সুন্দরবনের করমজল ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণ করবেন তারা। তবে সুন্দরবন ভ্রমণ শেষে মোংলায় ফিরে বরিশালের উদ্দেশ্যে যাবে জাহাজটি। এরপর আগামী ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন পর্যটকরা। পরে খালি জাহাজ ফিরে যাবে ভারতে। উল্লেখ্য, গত ১ এপ্রিল কলকাতা থেকে একজন ব্রিটিশ, নরওয়ের ১৯ জন ও দু’জন কানাডিয়ান পর্যটক নিয়ে যাত্রা শুরু করে গঙ্গা বিলাস।











































