Home Uncategorized সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশি নিহত

8

খুলনাঞ্চল ডেস্ক।।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকার সোমবার জেদ্দা থেকে ৬০০ কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ৩৫ জন ছিলেন বাংলাদেশি।

মঙ্গলবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী জানান, এই পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে বাংলাদেশের জেদ্দা কন্সুলেটের কর্মকর্তারা ১৮ জন বাংলাদেশিকে শনাক্ত করেছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে।

সৌদিতে পঞ্চম রমজানে এ দুর্ঘটনার কারণ হিসেবে রাষ্ট্র নিয়ন্ত্রিত আল এখবারিয়া চ্যানেলের খবরে বলা হয়েছে, বাসটির সামনে অন্য কোনো গাড়ি চলে এসেছিল। অন্যদিকে বেসরকারি সংবাদমাধ্যম ওকাজ বলছে, নিয়ন্ত্রণ হারিয়ে (ব্রেক ফেল) বাসটি ব্রিজে ধাক্কা খেয়ে উল্টে যায়, এরপর গাড়িটিতে আগুন ধরে যায়।

ঈদুল আজহাকে কেন্দ্র করে হজ মৌসুম ছাড়া সারা বছরই ওমরা পালনে মক্কা-মদিনায় গিয়ে থাকেন বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলিমরা। তবে ঈদুল ফিতরের আগে-পরে সৌদিতে ওমরা পালনকারীদের ভিড় বেশি দেখা যায়।