গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর পশ্চিম পাড়া গ্রামে এসএসসি পরীক্ষার্থী শেখ নাজিম ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ মার্চ) গোপালগঞ্জ সদর থানায় একই গ্রামের শামর আলী খাঁ, মো. মশিউর রহমান পাপ্পু খাঁ ও জাহিদক খাঁসহ আটজনের বিরুদ্ধে নাজিমের বাবা আমিনুল ইসলাম ফিটু এ মামলা করেন।
মাঠলা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাজিম বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাজিম জানায়, গত ৬ মার্চ রাতে সে পাশের গোপীনাথপুর কাসেমুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যায়। ওয়াজ শুনে ফেরার সময় গোপীনাথপুর পশ্চিমপাড়া এলাকার খাঁ বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের আট থেকে ১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক আহত করে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, কিছুদিন আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কি হয়। এ নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে দেয়। এ সব ঘটনায় আমার ছেলে একেবারেই জড়িত নয়।
তিনি আরও বলেন, মাদ্রাসার মাহফিল থেকে ফেরার পথে শামর আলী খাঁ, জাহিদ খাঁ, পাপ্পু খাঁ, মিকাইলসহ ৮ থকে ১০ জনের একটি দল আমার ছেলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তার ডাক-চিৎকারে সবাই এসে তাকে উদ্ধার করে। মূলত খাঁ পরিবারের লোকজন এলাকাবাসীকে তাদের আধিপত্য জানান দেয়ার জন্যই আমার ছেলের ওপর এই হামলা করেছে।
এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু হাসান জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি বলেও জানান তিনি।











































