মনিরুল ইসলাম রফিক।।
আজ দিনের অবসানে পবিত্র লাইলাতুল বারাআত। আমাদের দেশে এটি শবে বরাত নামে খ্যাত। শ’ব ফার্সি শব্দ। অর্থ রাত। আর বরাত আরবি শব্দ। অর্থ নি®কৃতি, মুক্তি ইত্যাদি। হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত এক হাদিসের মাধ্যমে জানা যায়, তিনি বলেন: আমি এক রাতে মহানবীকে (স.) যথাস্থানে না পেয়ে খুঁজতে থাকি। হঠাৎ দেখি তিনি সিজদারত। কিন্তু তাঁর দীর্ঘক্ষণ সিজদাবনত অবস্থা দেখে আমার মনে এ সন্দেহ হয় যে, হয়ত আঁ হযরতের (স.) প্রাণবায়ু বের হয়ে গেছে।
আমি তাড়াতাড়ি এসে তাঁর পায়ের বৃৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলাম। ক্ষণিক পরে তিনি উঠে পড়েন এবং আমাকে উদ্দেশ্য করে বলেন: হে আয়েশা! তুমি কি জান না আজ কোন্ রাত? আজ তো লাইলাতুন নিসফ মিন শা’বান। অর্থাৎ শাবান মাসের পনেরো তারিখের রাত। মহানবী হযরত মুহাম্মদ (স.) ইরশাদ করেছেন: এ রাত গুণাহ মাফের রাত। তবে সাত প্রকারের মানুষকে এ রাতেও আল্লাহ ক্ষমা করেন না। যেমন- নেশাদার শরাব পানকারী, পুন: পুন: ব্যভিচারী, পিতা-মাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চোগলখোর, কৃপণ ও এমন মুসলমান যে অন্য মুসলমানের সঙ্গে রাগস্বরে তিন দিনের চেয়ে অধিক সময় পর্যন্ত কথা বলা বন্ধ রাখে।
রাসূলে খোদা (স.) শুধু এ রাতকেই নয়, এ রাতকে বহনকারী গোটা মাসকেই তিনি তা’জীমের সঙ্গে অতিবাহিত করতেন। এ মাসে তিনি বেশি বেশি পরিমাণে রোজা রাখতেন, দরুদ পড়তেন এবং জিকির-আজকার ও নফল নামাজ পড়তেন। সাহাবাগণ একবার জানতে চাইলেন: হে আল্লাহর রাসূল (স.) ! আমরা আপনাকে শাবান মাসের মতো আর অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি না। (এর কারণ কি?) আঁ হযরত জানালেন: এ মাসে আল্লাহ তায়ালার নেক বান্দাদের আমল আল্লাহর দরবারে আলীশানে জমা হয়।
আমি চাই আমার হিসেব-নিকেশ আল্লাহর কাছে পৌঁছার মুহূর্তে আমি রোজাদার হিসেবে থাকি। এ প্রসঙ্গে মহানবী (স.) আরও বলেছেন: যে ব্যক্তি এ মাসে তিনটি রোজা রাখবে আল্লাহ পাক তাকে সারাবছর রোজা রাখার সমপরিমাণ সাওয়াব দান করবেন। তিনি আরও বলেছেন: (নাক্কু আবদানাকুম বি সাউমি শাবান …) অর্থাৎ তোমরা শাবান মাসের রোজা রাখার মাধ্যমে রমজান মাসে রোজা রাখার জন্য শরীর মন পবিত্র কর। হুজুর (স.) এ মাসের সিয়াম পালনকে রমজানে ফরজ সিয়াম পালনের মহড়া হিসেবে চিহ্নিত করেছেন।
কুরআনে এসেছে- ইস্তাইনু বিস সাবরি ওয়াস্সালাহ অর্থাৎ তোমরা ধৈর্য ও নামাজের মধ্য দিয়ে (আল্লাহর) সাহায্য প্রার্থনা কর। আজকাল নামাজ আছে ধৈর্য নেই। ইবাদত আছে প্রাণ নেই, শবে বরাত আছে ধর্মীয় ভাবগাম্ভীর্য নেই। আজকে আমরা শাবান এবং বিশেষত শ’বে বরাতকে অতি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আমরা অতিবাহিত করার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নেব। আর প্রকৃত ইবাদতের মাধ্যমে মেহেরবান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রয়াস চালাব।
এদিনে আমরা ইবাদতের নামে ধর্মের নামে ইসলামের নামে এমন কোনো কাজ করব না, এমন আবেগের আশ্রয় নেব না, যার দ্বারা ইসলামের পবিত্রতা ও সত্যতা ক্ষুন্ন হয়, শবে বরাতের গুরুগম্ভীর স্বর্গীয় পরিবেশ বিঘ্নিত হয়। শবে বরাত উপলক্ষে আমরা দেখি আমাদের সমাজে উন্নতমানের খানাপিনা ও হালুয়া-রুটিই প্রাধান্য পায়। যারা বেশি পরিমাণে আহার করে, তারা যেমন ইবাদতে ঝিমিয়ে পড়ে, তেমনি যে সব মহিলা এর আয়োজনে ব্যস্ত থাকে, তারাও ইবাদতের ফুরসৎ হারিয়ে ফেলে।
আমরা যেন এ রাতকে শুধু খানাপিনার মধ্যে সীমাবদ্ধ না রাখি। তবে এ রাতে ঐ খানাপিনাই কাম্য, ঐ দান-সদকাই কাম্য, যা কিনা গরিব মিসকিনদের মুখে হাসি ফুটায়। এ ছাড়া শবে বরাতের মতো একটি অতিপুণ্যময় রাতে এক শ্রেণির শিশু-কিশোর পটকা ফুটানো ও আতশবাজি পোড়ানো ইত্যাদি নিয়ে মেতে ওঠে, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। পবিত্র লাইলাতুল বারাআত সম্পর্কে সমাজে প্রচলিত কিছু হাদিসকে জইফ বা দুর্বল বলছেন গবেষকগণ।
আবার কোনো কোনো মুহাক্বীক আলেমগণ মানুষকে নিখাদ ইবাদত বন্দেগী করার স্বার্থে দুর্বল হাদিসগুলো আমলযোগ্য বলে ফতোয়া বা বিধিবদ্ধ বলেছেন। আমাদের এক শ্রেণির মুসলমান শিশু-কিশোরদের অতি উৎসাহী আচরণ, খানাপিনার প্রতি হাভাতা, উন্মত্ততা আর আতশবাজি পটকা ফুটিয়ে নানা হীন উৎসবে মেতে ওঠার কারণে অতিষ্ঠ হয়ে কোনো কোনো স্কলারগণ এ নফল রজনীটি পরিত্যাগের পক্ষে মত দিচ্ছেন। আসলে পবিত্র লাইলাতুল বারাআতের কুসংস্কার ঠেকাতে গিয়ে আমরা আইয়ামে বীজ বা চন্দ্রমাসের ১৩, ১৪, ১৫ তারিখে সিয়াম সাধনার যে প্রিয় অভ্যাস নবীজী (স.) রেখে গেছেন, তা থেকে মানুষকে বিভ্রান্ত করে তুলছি।
আর গোটা শাবান মাসের প্রয়োজনীয় ও স্বীকৃত পবিত্রতা আর গাম্ভীর্য নিয়েও অবহেলা ছড়িয়ে দিচ্ছি, যা স্থিতিশীল মনোমুগ্ধকর পরিবেশে এক অস্থিরতা নানা প্রশ্ন নানা বিভ্রান্তি মুসলিম জনসাধারণের মাঝে পেয়ে বসছে। আল্লাহ আমাদের মাঝে একতা, ভ্রাতৃত্ব ও তোমাকে সন্তুষ্ট করার কাজে সুচিন্তিত সুন্দর পরিণামদর্শী ও পবিত্র কুরআন, হাদিস, মহান সাহাবায়ে কেরাম, মহান ত্যাগী আত্মবিলীন সাধক, বুজুরগানে দ্বীনের শান্তশীতল পদাঙ্ক অনুসরণের তাওফিক দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফী রাজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগরানা রামাদান…।’ লেখক : অধ্যাপক, টিভি উপস্থাপক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত খতিব











































