বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোর্দ্দ রায়গ্রাম এলাকায় আব্দুল মজিদ নামে এক কৃষকের প্রায় ১ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল ৫ টার দিকে খোর্দ্দরায়গ্রাম এলাকায় আব্দুল মজিদের পানের বরজ আগুন জ¦লতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পাশে নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালিয়েও কাজ হয়নি। আগুনের লেলিহান শিখায় মুহুর্তেই ছড়িয়ে পড়ে বরজটি সকলের চোখের সামনে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মজিদ জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে গ্রামের মানুষ পানের বরজে আগুন লাগার কথা জানান। এরপর এসে দেখতে পান তার ১ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। তার দাবি কেউ শত্রুতা করে তার বরজে আগুন ধরিয়ে দিয়েছে। এতে তিনি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন।
কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে পানের বরজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্ত পানের সহজে দাহ্য শুকনা খড় কুটা,বাঁশ ও পাঠকাঠিতে কৃষক আব্দুল মজিদের ১ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান বলতে পারেননি তিনি।











































