Home আঞ্চলিক কুরআনবিরোধী তথ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: খুলনা ইমাম পরিষদ

কুরআনবিরোধী তথ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: খুলনা ইমাম পরিষদ

14

স্টাফ রিপোর্টার।।

খুলনা জেলা ইমাম পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তথাকথিত ডারউইনের মতবাদ প্রকাশ করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে চরম আকারে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সেই সাথে যেখানে পবিত্র কুরআনেই মানুষ সৃষ্টির ইতিহাস বর্ণনা করা হয়েছে সেখানে এ ধরনের নাস্তিক্যতাবাদ মতবাদ প্রকাশের মধ্যদিয়ে ইসলাম ও কুরআনের বিরুদ্ধে অবস্থান নেয়া হয়েছে। এর বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে এসে প্রতিবাদ না করে ঘরে বসে থাকার কোন সুযোগ নেই। বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, এ ধরনের বই লিখে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনতে হবে।

নাস্তিকতা, মিথ্যা ও নির্লজ্জতায় ভরা ইসলাম ও কুরআনবিরোধী পাঠ্যপুস্তক বাতিলের দাবি এবং সুইডেনে কুরআনে অগ্নিসংযোগ ও মুন্সিগঞ্জের শ্রীনগরে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর মসজিদ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, অধ্যক্ষ মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা কারামত আলী, মাওলানা আনোয়ারুল আলম, মাওলানা মোল্লা মিরাজ হোসেন, নুর সাইদ জালালী, হাফেজ মাওলানা আবুল কালাম প্রমুখ।

সমাবেশে বক্তারা আরও বলেন, ২০২৩ সালের শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে কৃতিত্ব ছাড়া অন্যের লেখা দেওয়া, ইতিহাস বিকৃতি করে তথ্য দেওয়া, মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য বাদ দিয়ে হিন্দুত্ববাদকে অধিক গুরুত্ব দেয়া, বিতর্কিত ডারউইন তত্ত্ব, ইসলামবিরোধী ছবি ও লেখা দেওয়া এবং মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এবং আরও বেশ কয়েকটি ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে। এছাড়া অনুসন্ধানী পাঠ বইয়ে হুবহু অনুবাদ ও চৌর্যবৃত্তির আশ্রয় নেয়া হয়েছে। যা থেকে শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধ, নৈতিকতা বিবর্জিত এবং ইসলামবিরোধী শিক্ষা ছাড়া অন্য কিছু পাবে না। অবিলম্বে পাঠ্যবই থেকে এসব বিতর্কিত অংশ বাদ দিয়ে নতুন পাঠ্যবই প্রণয়নের দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ীর ডাকবাংলায় গিয়ে শেষ হয়।