করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের সফলতা ব্যর্থতায় পরিণত হতে পারে
স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনার ডাকবাংলাসহ সব মার্কেট সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকেই খুলনার শপিংমলসহ সড়কে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। ভিড়ের কারণে যানবাহন ও জনমানব একাকার হয়ে গেছে। খুলে দেওয়া এসব শপিংমল ও দোকাপাটগুলোর কোথাও স্বাস্থ্য বিধি মানছে না কেউ।

এর আগে ১০ মে থেকে খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো এলাকার ১৭টি মার্কেট খুলে দেওয়া হয়। যার কারণে সচেতনমহলে উদ্বেগ-উৎকন্ঠ দেখা দিয়েছে। তাদের বক্তব্য করোনা মহামারির মধ্যে সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের বাধ্যবাধকতার কথা থাকলেও সেটা মানার মতো পরিস্থিতি নেই ওইসব মার্কেটগুলোতে। জনৈক ব্যবসায়ী বলেন, খুলনার মার্কেটগুলোতে মানুষের উপস্থিতি দেখলে মনেই হচ্ছে না দেশে করোনার মত মহামারি চলছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন পরিস্থিতি এমন থাকলে খুলনার ভবিষৎ চরম ভয়াবহ হতে পারে। এদিকে প্রথম দিন থেকেই মার্কেটগুলো লোকে লোকারণ্য হয়ে পড়ে। প্রায় প্রতিটি মার্কেটেই ক্রেতাদের ঠাসাঠাসি ভিড় লক্ষ্য করা গেছে। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। ফলে কারোনাভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। খুলনার খুলে দেওয়া মার্কেটগুলো হলো- খুলনা শপিং কমপ্লেক্স, দরবেশ চেম্বার ও নিক্সন মার্কেটসহ খুলনা রেলওয়ে সড়কের ১১টি মার্কেট, খুলনা বিপনী কেন্দ্র, খুলনা বিপনী বিতান ইত্যাদি। এসব মার্কেটে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন। মার্কেটে ভিড়ের কারণে নগরীর প্রতিটি সড়কেই যানজট লেগে আছে। যানবাহনের ভিড়ে পথচারিরাও যাতায়াতে দুর্ভোগে পড়ছেন। এদিকে বুধবার (১৩ মে) থেকে খুলে দ্য়ো হচ্ছে খুলনা নিউ মার্কেট।
স্কুল শিক্ষিকা নাছিমা বেগম বলেন, এভাবে চলতে পারে না। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, খুলনার প্রশাসনের কঠোর ভুমিকার কারণে আমার করোনার ভয়াবহতা থেকে মুক্ত আছি। কিন্তু পরিস্থিতি যদি এমনভাবে চলে তবে গেল দিনগুলোর সফলতা ব্যর্থতায় পরিণত হবেই। অপরদিকে খুলনার নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা জানান, রোববার মালিক সমিতির সভায় নিউ মার্কেট ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার তা থেকে সরে আসেন ব্যবসায়ীরা।

নতুন সিদ্ধান্ত অনুসারে বুধবার (১৩ মে) খুলে দেওয়া হবে নিউ মার্কেট। সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা থাকবে। তবে, সকল স্বাস্থ্য বিধি প্রতিপালন করা হবে। ইতোমধ্যেই মার্কেটের ভিতরে প্রতিটি দোকানের সামনে নিরাপদ দূরত্বের বৃত্ত আঁকা হয়েছে।










































