দিঘলিয়া প্রতিনিধি।।
৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিঘলিয়ায় পৈত্রিক সম্পত্তি পরিদর্শন উপলক্ষে আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে ৪ স্তরের নিছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দিঘলিয়ার প্রধানমন্ত্রির সফর সফল ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে ঢাকা ও খুলনাস্থ আইনপ্রয়োগকারী সংস্থা গুলো দফায় দফায় বৈঠক করে চলেছেন।
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সরকার প্রধানের এই আগমন উপলক্ষে উপজেলা জুড়ে আইনপ্রয়োগকারী সংস্থার গোয়েন্দা ইউনিট গুলোর নজরদারিতে রয়েছে সবকিছু। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আসা পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে গোটা উপজেলা, খুলনা শহর ও শহরতলী।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি ও কর্মযজ্ঞ চলছে দলীয় ফোরামে এবং প্রশাসনে। তাকে এক নজর দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছে দিঘলিয়াবাসী। গতকাল শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনানলের প্রতিমন্ত্রী ও খুলনা-০৩ আসনের সাংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী প্রধানমন্ত্রীর পরিদর্শন স্থানে দফায় দফায় পরিদর্শন করেছেন।

গতকাল রাত পর্যন্ত তথ্য মিলেছে, প্রধানমন্ত্রীর জন্য ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনী প্রস্তুত করা হচ্ছে। প্রশিক্ষিত ও চৌকস ফোর্স এবং অফিসারদের সমন্বয়ে গঠন করা হচ্ছে এই নিরাপত্তা বেষ্টনী। জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হচ্ছে গোটা উপজেলাকে। এর মধ্যে প্রধানমন্ত্রীর আগমনের পথ থাকবে বিশেষ নিছিদ্র নিরাপত্তা বেষ্টনী। গতকাল এবং আজকে কয়েক’শ চেকপোস্ট বসানো হবে বিভিন্ন রাস্তায়। প্রধানমন্ত্রির যাত্রা পথ সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। পোষাকধারী ছাড়াও সাদা পোষাকধারী পুলিশ থাকবে। পুলিশের গোয়েন্দা ইউনিট র্যাবসহ আরো কয়েকটি সংস্থা এই নিরাপত্তা বলয়ে থাকবে। নদীতে থাকবে নৌ পুলিশ ও নৌবাহিনীর একটি চৌকস দল। এই ৪ স্তরের বাইরেও প্রধানমন্ত্রীর নিরপত্তায় থাকবে চৌকস এসএসএফ ফোর্স।











































