Home জাতীয় যেভাবে পিকাপে সহস্রাধিক বোতল ফেনসিডিল পেল পুলিশ

যেভাবে পিকাপে সহস্রাধিক বোতল ফেনসিডিল পেল পুলিশ

6

খুলনাঞ্চল রিপোর্ট।।

অবৈধ মাদক ফেনসিডিল সরবরাহ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। তাই নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় তল্লাশি চালায় পুলিশ। সেখানে অভিনব কায়দায় পিকাপ ভ্যানে করে ঢাকায় আনা হচ্ছিলো ১০৪৮ বোতল ফেনসিডিল।

জেলার গোবিন্দগঞ্জে পরিবহনের সময় ১০৪৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিও পুলিশের হাতে আটক হয়। শুক্রবার (৩০ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোবিন্দগঞ্জে বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পুলিশ একটি পিকাপ ভ্যান তল্লাশি চালায়। সেখানে কাঠের গুড়োর কিছু বস্তা পাওয়া যায়, তার নিচে চারটি প্লাস্টিকের বস্তা ছিল। সন্দেহবশত সেখানেই মেলে কাঁচের বোতলের অস্তিত্ব। সেখানেই সাজানো ছিল ১০৪৮ বোতল ফেনসিডিল। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করে পুলিশ।

আটককৃত ২ জন হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেবডাঙ্গা গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে ইমরান আলী ও একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে রবিউল ইসলাম।

এই মাদক ব্যবসার সাথে জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওয়াতায় আনা হবে বলে জানায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ে করা হয়েছে।