ঢাকা অফিস
বন্দিদের স্বাস্থ্য সুরক্ষায় কারাগারগুলোতে ‘ভাইরাস জিরো’ ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। কোরিয়া থেকে আমাদানি করা এ ওষুধ ইতোমধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিটানো হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে মুঠোফোনে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার দেশের সব কারাগারে আইসিআরসির গাড়িতে করে ভাইরাস জিরো স্প্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্দিদের সুরক্ষার জন্য এ ওষুধ ছিটানো হচ্ছে।’ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার সকালে কারাগারের বিভিন্ন স্থানে ভাইরাস জিরো স্প্রে করা হয়েছে। আগে থেকেই কারাগারের ভেতর স্বাস্থ্যবিধি মেনে বন্দিদের রাখায় করোনার প্রভাব তেমন পড়েনি।’ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব কারাগারে ভাইরাস জিরো স্প্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন কারাগারে ৮টা আইসোলেশন সেন্টার করা হয়েছে।









































