Home আঞ্চলিক নড়াইলে গৃহবধূকে গলা কেটে হত্যার নেপথ্যে…

নড়াইলে গৃহবধূকে গলা কেটে হত্যার নেপথ্যে…

5

নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে আছিয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্বামী রনি শেখ (২৪) ও তার বন্ধু প্রধান সহযোগী আব্বাস ফকিরসহ (২২) ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে নড়াইলসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গত ৪ নভেম্বর দুপুরে স্বামী রনি শেখের পরকীয়ার বলি হন স্ত্রী আছিয়া।

সাড়ে ৩ বছর আগে সড়াতলা গ্রামের রনি শেখের সঙ্গে একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে আছিয়া বেগমের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

পুলিশ জানায়, আছিয়া হত্যার ঘটনায় পুলিশ প্রশাসন তথ্যপ্রযুক্তিসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে আছিয়ার স্বামী রনি শেখকে নড়াইলের কালিয়া থেকে গ্রেফতার করে। রনির প্রধান সহযোগী তার বন্ধু একই গ্রামের জামির ফকিরের ছেলে আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেফতার করে। এছাড়া ঘটনার পর রনির পিতা মো. লিটু শেখ (৫৫) এবং তার ২ ভাই ইমরান শেখ (২৮) ও রুবেল শেখকে (২৬) পুলিশ গ্রেফতার করে।

এলাকাবাসী জানান, রনির অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে রনিদের বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। এরপর দেখা যায় বিছানায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ।

নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের মা রেবেকা বেগম বাদী হয়ে ৮ জনের নামে থানায় মামলা করেন। আসামি রনি ও আব্বাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।