মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নানা অপরাধে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন। মঙ্গরবার (৩ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী উপজেলার চিনাটোলা বাজারে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আদালতের পেশকার ফাহিম আল মমিন জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও লাইসেন্স না থাকায় চিনাটোলা বাজারের ফার্মেসি মালিক রমেশ কুন্ডুকে পাঁচ হাজার টাকা, হার্ডওয়ারের দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দোকানি মেহেদি হাসানকে পাঁচ হাজার টাকা এবং মূল্যতালিকা না থাকায় তরকারি দোকানি রওশন আলীকে এক হাজার, এখলাজ হোসেন ও আলাউদ্দিনকে পাঁচশ’ করে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসিল্যান্ড খোরশেদ আলম চৌধুরী বলেন, মণিরামপুর উপজেলার প্রতিটি এলাকায় অধিকাংশ ব্যবসায়ী ক্রেতা ঠকিয়ে ইচ্ছামত সুবিধা নিচ্ছেন। নিত্যপণ্যের দাম লাগামহীন হওয়ায় সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে চিনাটোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।











































