Home জাতীয় ভুল পথে এসেছেন বুঝতে পেরে ফিরে এসে র‌্যাবকে তথ্য দেন নিলয়

ভুল পথে এসেছেন বুঝতে পেরে ফিরে এসে র‌্যাবকে তথ্য দেন নিলয়

16

ঢাকা অফিস।।

নতুন জঙ্গি সংগঠন “জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া”য় যোগ দিতেই বাসা ছেড়েছিলেন চার শিক্ষার্থী। বুধবার রাতে মুন্সিগঞ্জ, নারায়াণগঞ্জ ও ময়মনসিংহ থেকে এই চার শিক্ষার্থীসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব। জেএমবি, আনসার আল ইসলাম এবং হুজির নেতারাই নতুন করে এই সংগঠন তৈরি করে সদস্য সংগ্রহ করছিলো।
র‌্যাব জানিয়েছে, এই সংগঠনের অনেক সদস্য এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের দ্রুত গ্রেফতার করা না গেলে জঙ্গি হামলার আশংকা উড়িয়েও দিচ্ছে না র‌্যাব।

নতুন জঙ্গি সংগঠন “জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া”য় যোগ দিতে গত ২৩ আগস্ট ঢাকা ছাড়েন নিলয়সহ আট তরুণ। কুমিল্লা সদরের চৌয়ারা মসজিদের পাশের একটি হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিলয়সহ চারজন ফাহিমের জন্য অপেক্ষা করছে। এর দুইদিন পর আরেক ফুটেজে চাঁদপুরের রেলগেটে নিলয়সহ তিনজনকে আবারো দেখা যায়।

এরপর শুরু হয় তাদের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ। এক পর্যায়ে নিলয় বুঝতে পারে, ভুল পথে যাচ্ছে তারা। গত ১ সেপ্টেম্বর নিলয় কল্যাণপুরের বাসায় ফিরে আসে। এরপর এই সংগঠনের ব্যাপারে র‌্যাবকে তথ্য দিয়ে সহায়তা শুরু করে। সেই তথ্যের ভিত্তিতেই নতুন এই জঙ্গি সংগঠনের সাতজনকে আটক করে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, পটুয়াখালী ও ভোলার চরে এই সংগঠনের সদস্যদের কারিগরিসহ সশস্ত্র সংগ্রামের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছিলো। নতুন এই সংগঠনটি আইন-শৃংখলা বাহিনী ও সরকারি স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছিলো বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।