Home আঞ্চলিক তরুণীর মাথায় অস্ত্র ঠেকিয়ে বিয়ের ঘটনায় গ্রেফতার ১

তরুণীর মাথায় অস্ত্র ঠেকিয়ে বিয়ের ঘটনায় গ্রেফতার ১

22

কুষ্টিয়া প্রতিনিধি ।।

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়িতে ঢুকে মাকে দড়ি দিয়ে বেঁধে রেখে তরুণীর মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় সই করানোর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়। মামলায় মূলহেতা তিতাসকে প্রধান আসামি করে ১০ জনের নামোল্লেখ এবং আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর মধ্যে মামলার ৮নং আসামি পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের আব্দুল খালেকের ছেলে ফারুককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে তরুণীর মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় সই করানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। তরুণীর মা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনার প্রধান আসামি গোলাম দস্তগীর তিতাস (৪৫) পান্টি এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের নাতি। আর ভুক্তভোগী তরুণী এ বছর স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী রোমান, লাহোরী ও তিতাসসহ ৮-১০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তরুণীর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা তরুণীর মা ও বাড়িতে থাকা ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং তরুণীর মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় সই করিয়ে চলে যায়।

এ ঘটনায় তরুণীর মা বুধবার বিকালে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফারুক নামের একজনকে আটক করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার রাতেই থানায় মামলা হয়। উক্ত মামলায় আটক ফারুককে ৮ নম্বর আসামি করা হয়।