সাতক্ষীরা প্রতিনিধি:
করোনাকালে ধানকাটা শ্রমিকদের উৎসাহ দিতে এবং শ্রমিক সংকট নিয়ে কৃষকদের শ্চিন্তা দূর করতে মাঠে নেমে ধান কাটলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শ্রমিকদের সঙ্গে মাঠে ধান কেটেছেন তিনি। এসএম জগলুল হায়দার বলেন, ‘সারাদেশ লকডাউন থাকার কারণে শ্রমিকরা এক এলাকা থেকে আরেক এলাকায় যাতায়াত করতে পারছেন না। ফলে ধানকাটার শ্রমিক সংকটে কৃষকরা কিছুটা চিন্তিত। আগামী দিনের খাদ্য সংকট মোকাবিলায় ধানকাটা নিশ্চিত করতে জেলা এবং উপজেলা প্রশাসনকে জোরালো দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে শুরু হয়েছে বোরো ধান কাটা। সাতক্ষীরায় বোরো ধানের বাম্পার ফলনও হয়েছে এবার। সোনালি ধানে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। কিন্তু করোনাভাইরাস আতঙ্ক কৃষকের সেই স্বপ্ন ভঙ্গে ভর করেছে। শ্রমিক ও দিন মজুররা রয়েছেন ঘরেবন্দি। এই অবস্থা চলতে থাকলে শ্রমিক সংকট দেখা দিতে পারে। তাই কৃষকদের মনে আশা জোগাতে শুক্রবার সকালে তাদের সঙ্গে মাঠে ধান কেটে উৎসাহ দিলাম।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনি এলাকা শ্যামনগর এবং কালিগঞ্জ উপজেলায় ধানকাটা শ্রমিকদের বিশেষ পরিচয়পত্র প্রদান করে বিশেষ যাতায়াতের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব অঞ্চলে ধান মাড়াই করে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে।’











































