ক্রীড়া প্রতিবেদক।।
আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে আলোচনায় ডট বল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ তিনশ ছাড়ানো স্কোর গড়লেও ম্যাচটিতে বাংলাদেশ ডট বল খেলেছে ১৪৬টি। যেখানে ৩০৬ রান এসেছে ১৫৪ বলে! স্বাগতিকরা দ্বিতীয় ওয়ানডে থেকেও প্রথম ম্যাচেও ডট বল বেশি খেলেছে। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া টাইগারদের থেকে আফগানরা ডট বল নিয়েছিল ১৭৭টি।
বাংলাদেশের ব্যাটাররা এত ডট বল খেলার কারণ কি, জানতে চাওয়া হয়েছিল অলরাউন্ডার মিরাজের কাছে। উত্তরে তিনি বলেন, এটা গেম প্লানিংয়েরই অংশ।
রোববার সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,’ডট বল হবে, কিন্তু উইকেটটাও গুরুত্বপূর্ণ। জুটি গড়তে হলে কিছু সময় একই স্টাইলে খেললে কঠিন হয় উইকেট পড়ে যায়। অনেক সময় একটু স্লো হতে হবে অনেক সময় অ্যাটাকিং মুডে খেলতে হবে, এটা আসলে গেম প্লানিংয়েই থাকে। আমরা যদি একই ধাঁচে খেলি মানে রানের জন্য খেলি তখন কিন্তু উইকেট পড়ার চান্স থাকে। তো মাঝে মাঝে ডট হওয়া খারাপ কিছু না। এটা একটা জুটি তৈরি করে। জুটি হলে তো পরের ব্যাটাররা আরো আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে পারি। গত ম্যাচে দেখুন লিটন-মুশি ভাই যখন শুরু করে আস্তে-আস্তে শুরু করেছিল কিন্তু পরের দিকে রানের গতিটা বাড়িয়ে নিয়েছে। তো এটাই গেম প্লান, ওই সময় যদি ওনাদের কেউ আউট হয়ে যেত তবে বিপক্ষের জন্য ভাল হতো। কিন্তু আমরা উইকেট না দিয়ে খেলা ইনিংস বড় করেছি ও শেষ পর্যন্ত টেনে নিয়েছি। তো ডট বলটা বাজে কিছু না জুটি গড়াটা গুরুত্বপূর্ণ।’
ইতোমধ্যে আফগানিস্তাসের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ হওয়ায় শেষ ম্যাচটিও খুবই গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচের আগে মিরিজ বলেন, ’সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূ্র্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু টপ আটটা দলই কোয়ালিফাই হবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নেওয়া।’










































