মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরের সদ্যসাবেক সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া সেই ব্যাংকার জাফর আহমেদকে জেলহাজতে পঠিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে মণিরামপুর থানা পুলিশ তাকে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড দাবি করেন। আদালত রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে রোববার দুপুরে জাফর আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে তথ্যপ্রযুক্তি আইনে মণিরামপুর থানায় মামলা করেন সাইয়েমা হাসান। ওই দিনই যাত্রাবাড়ি এলাকার বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে আটক করে মণিরামপুর থানায় সোপর্দ করে।
জাফর আহমেদ ঢাকার যাত্রাবাড়ির মাতুয়াইলের দনিয়া দক্ষিণ শেখদি এরশাদউল্লাহ সড়ক-২ এর আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা বিভাগীয় কর্মকর্তা।
মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার এসআই জহির রায়হান বলেন, জাফর আহমেদকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছেন।
এসিল্যান্ড হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় সাইয়েমা হাসান গত শুক্রবার বিকেলে মণিরামপুরের চিনাটোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় মাস্ক না পরার অপরাধে চার বৃদ্ধকে কান ধরে ওঠবস করিয়ে সমালোচিত হন তিনি। তখন জাফর আহমেদ সাইমেয়া হাসানকে ধর্ষণের হুমকি দিয়ে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন।
এদিকে, গত শনিবার সকালে সাইয়েমা হাসানকে মণিরামপুর থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছেন যশোরের জেলা প্রশাসক।









































