ঢাকা অফিস।।
দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবার গুণগত মান নিশ্চিত করতে ৬৯ কর্মকর্তাকে পরিদর্শনকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ১৬ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, তদারককারী কর্মকর্তাদের দায়িত্ব শুধু হাসপাতাল পরিদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারক করতে হবে।
একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ, টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ, জনসচেতনতা, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমেও সমন্বয় করতে হবে।
এছাড়া পরিদর্শনের পর পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদন আকারে পাঠাতে হবে। পাশাপাশি প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতি মাসে অন্তত একটি পরিদর্শন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।











































