তালা প্রতিনিধি।।
২০২২ সালের প্রথম দিনই সাতক্ষীরার তালায় পাঁচটি মসজিদে একযোগে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের গ্রিল কেটে দানবাক্স, মাইকের ব্যাটারি ও সোলারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১ জানুয়ারি) রাত ২টা থেকে ৪টার মধ্যে পাঁচটি মসজিদে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ইকবাল হোসেন বলেন, চোরেরা এলাকার উত্তর শাহাজাতপুর জামে মসজিদ, সানাপাড়া জামে মসজিদ, বায়েজিদপাড়া জামে মসজিদ, মোড়লপাড়া জামে মসজিদ, জোয়াদ্দারপাড়া জামে মসজিদ ও পার্শ্ববর্তী ডুমুরিয়া জামে মসজিদের গ্রিল কেটে দানবাক্স, ব্যাটারি, সোলার ও ঘড়িসহ বেশকিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বছরের শুরুতে এমন ঘটনায় এলাকাবাসী হতবাক।
সানাপাড়া মসজিদের ইমাম শেখ আব্দুল গফুর জানান, এশার নামাজের পর মসজিদ বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। ফজরের আযান দিতে এসে মোয়াজ্জিন দেখেন মসজিদের গ্রিল কেটে দানবাক্স ও মসজিদের মাইকের ব্যাটারি নিয়ে গেছে চোরেরা। সকালে জানলাম আশপাশের আরও চার মসজিদে একই রকম চুরি হয়েছে। চোরদের কাছ থেকে আল্লাহর ঘরও রেহাই পাচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক।
খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ পাঁচটি মসজিদ পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।











































