খুলনাঞ্চল ডেস্ক
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৫১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৩৮৩ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৬ হাজার ৯৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট, ডেইলি এনকে, নিউজউইক, এনডিটিভি, এএফপি, বিবিসি, আল-জাজিরা ও সিএনএনের।
বিশ্বের ১২০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখ-েই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৯০ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৮ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩১ জনের। ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৯ জনে। এমন পরিস্থিতিতে জরুরী অবস্থা জারি করেছে দেশটির সরকার। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত ৯ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩৫৪ জন।
করোনা ঝুঁকি এড়াতে ৩৩ দেশে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ: বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ধাক্কা লেগেছে বিশ্ব রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে দৈনিক আয়রোজগারেও। এই ভাইরাসের প্রভাব পড়েছে বিভিন্ন দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠদানেও। ইউনেস্কোর তথ্যমতে, অন্তত ৩৩টি দেশ এ ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ১৭টি দেশ গোটা রাষ্ট্রে এবং ১৬টি দেশ বিশেষ কোন শহর, জেলা বা অঞ্চলে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ইউনেস্কোর হিসাবে, ১৭টি দেশে পুরোপুরিভাবে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে শিক্ষাবঞ্চিত হচ্ছে ৩৬৩ মিলিয়নের বেশি শিক্ষার্থী।











































