0 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ডিজিটাল প্যানা তৈরির জন্য অর্ডার দিতে আসা ব্যক্তিকে দোকানী দেরি হবে বলায় কথা কাটাকাটির জেরে ওই কম্পিউটার দোকানীকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে মোংলা পৌর শহরের মামার ঘাট এলাকায় রাসেল (২৫) নামের ওই কম্পিউটার দোকানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তারা। এ ঘটনায় হামলার শিকার হওয়া আহতের মামা মোঃ ফারুক হোসেন বাদী হয়ে থানায় দুপুরেই একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বরাত দিয়ে মোংলা থানার এসআই মোঃ জুয়েল শেখ জানান, পৌর শহরের শেখ আব্দুল হাই সড়কস্থ নিউ লস্কর কম্পিউটারের মালিক মোঃ রাসেল খন্দকারের সাথে গত ১২ মে ডিজিটাল প্যানা তৈরির কাজ নিয়ে স্থানীয় শফিকুল ও সজিব নিকারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ওই ঘটনার জের ধরে সোমবার (১৭ মে) দুপুরে কম্পিউটার দোকানী রাসেল খন্দকারকে কুপিয়ে জখম করেছে তারা। আহত মোঃ রাসেল খন্দকারকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শহরের রাতারাতি কলোনীর খলিল খাঁনের ছেলে শফিকুল খাঁন, আমিন নিকারীর ছেলে সজিব নিকারী, বাবুলের ছেলে মোঃ রাব্বি, মহির ছেলে মোঃ ইসমাইল ও সেকেন্দারের ছেলে মোঃ রহিমকে আসামী করে একটি অভিযোগ পেয়েছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, একটি অভিযোগ পেয়েছি, এ ঘটনার তদন্ত এসআই জুয়েলকে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।











































