Home আঞ্চলিক ছোট বোনকে বিয়ে দেয়ায় বড় বোনের আত্মহত্যা

ছোট বোনকে বিয়ে দেয়ায় বড় বোনের আত্মহত্যা

10

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট বোনকে বিয়ে দেয়ায় অভিমান করে আত্মহত্যা করেছেন বড় বোন। গতকাল শুক্রবার নিহত জান্নাতি আক্তারের লাশ তার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত জান্নাতি চণ্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।   

২ জানুয়ারি, শনিবার ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির ও স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই খোলপটুয়া গ্রামের ভ্যানচালক জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি থেকে জান্নাতি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইউপি সদস্য আবুল হোসেন জানান, জাহাঙ্গীর হাওলাদারের দুই মেয়ে। এর মধ্যে জান্নাতি আক্তার চণ্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি এবং ছোট বোন লামিয়া সপ্তম শ্রেণিতে পড়াশুনা করে। কিছুদিন আগে বিয়ের প্রস্তাব নিয়ে জান্নাতিকে দেখতে এসে তার ছোট বোন লামিয়াকে পছন্দ করেন পাত্রপক্ষ।

তিনি আরো জানান, আর সেই পাত্রের সঙ্গে ছোট বোন লামিয়ার বিয়ে হলে বড় বোন জান্নাতির সঙ্গে পরিবারের সদস্যদের অভিমানের ঘটনা ঘটে। এ কারণে অভিমান করে বাবা-মাকে চিরকুট লিখে শুক্রবার সন্ধ্যায় ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে জান্নাতি। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানা তিনি।

এ বিষয়ে ওসি মো. হুমায়ুন কবির জানান, জান্নাতি আক্তারের মরদেহ গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর তা পিরোজপুর মর্গে পাঠানো হয়। এ বিষয় তদন্ত চলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে মৃত্যুর কারণ উদঘাটন করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।