মিলি রহমান।।
হালকা শীতে গরম পানিতে গোসল করতে কার না ভালো লাগে! আবার পরিপাটি থাকতে অনেকেই নিয়মিত হেয়ার স্টাইলিং টুলস ব্যবহার করেন। কিন্তু হঠাৎ যদি খেয়াল করেন মাথার ত্বক অতিরিক্ত টানটান লাগছে, চুলকাচ্ছে এবং সাদা খুশকি ঝরছে— তখন বুঝতে হবে স্ক্যাল্পে আর্দ্রতার ঘাটতি দেখা দিয়েছে।
অতিরিক্ত গরম পানি, আবহাওয়া, কড়া রাসায়নিক বা বয়সের কারণে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। সুন্দর ও স্বাস্থ্যকর চুলের প্রধান শর্তই হলো সুস্থ স্ক্যাল্প। তাই মুখের মতো মাথার ত্বকেরও প্রয়োজন বাড়তি যত্ন। দৈনন্দিন রুটিনে সামান্য কিছু পরিবর্তন এনেই স্ক্যাল্প সতেজ ও আর্দ্র রাখা সম্ভব। চলুন জেনে নিই এমন ৬টি সহজ উপায়:
হালকা শ্যাম্পু বেছে নিন
মাথার ত্বক পরিষ্কার করতে কড়া শ্যাম্পুর বদলে আর্দ্রতা ধরে রাখে এমন হালকা অর্থাৎ মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। এমন শ্যাম্পু বেছে নিন যা স্ক্যাল্পের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা নষ্ট না করেই ঘাম বা ময়লা দূর করতে সাহায্য করে।
জোরে ঘষাঘষি করা থেকে বিরত থাকুন
মুখের মতোই মাথার ত্বকেও জোরে ঘষাঘষি বা অতিরিক্ত ময়লা পরিষ্কার করা ক্ষতিকর। এতে স্ক্যাল্পের প্রতিরক্ষামূলক স্তর ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বক আরও শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। তাই শ্যাম্পু করার সময় আঙুলের ডগা দিয়ে আলতো করে ম্যাসাজ করুন।
ময়েশ্চারাইজিং স্ক্যাল্প ট্রিটমেন্ট
শ্যাম্পু করার পর মাথার ত্বকে আর্দ্রতা জোগায়— এমন কোনো স্ক্যাল্প সিরাম ব্যবহার করতে পারেন। চুল কয়েক ভাগে ভাগ করে সরাসরি মাথার ত্বকে এটি লাগালে স্ক্যাল্পের শুষ্কতা দ্রুত কমে আসে।
কন্ডিশনার প্রয়োগের সঠিক নিয়ম
চুলের রুক্ষতা ও ভেঙে যাওয়া রোধ করতে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা অপরিহার্য। তবে এটি সরাসরি স্ক্যাল্পে বা চুলের গোড়ায় লাগানো ঠিক নয়। কন্ডিশনার সবসময় চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত ভালোভাবে ব্যবহার করতে হয়।
রোদ থেকে স্ক্যাল্প রক্ষা করুন
সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শুধু মুখের ত্বক নয়, মাথার ত্বককেও অতিরিক্ত শুষ্ক করে তোলে। বিশেষ করে যাদের চুল পাতলা, তাদের ক্ষেত্রে এটি বেশি ক্ষতিকর। তাই কড়া রোদে বাইরে গেলে টুপি, ছাতা বা স্কার্ফ ব্যবহার করে স্ক্যাল্প সুরক্ষিত রাখুন।
অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন
গরম পানিতে গোসল আরামদায়ক হলেও এটি স্ক্যাল্পের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা পুরোপুরি কেড়ে নিতে পারে। তাই চুল ধোয়ার জন্য সবসময় সাধারণ তাপমাত্রার বা হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন। এ ছাড়া স্ক্যাল্প সুস্থ রাখতে চুলে অতিরিক্ত হেয়ার প্রোডাক্টের ব্যবহার এড়িয়ে চলাই ভালো।
দৈনন্দিন রূপচর্চায় এসব ছোট ও সহজ পরিবর্তনই আপনার মাথার ত্বককে রাখবে সতেজ, আর চুল হয়ে উঠবে আরও স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে!











































