চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা বয়কট করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখায় ক্ষোভ প্রকাশ করে তারা এ সিদ্ধান্ত নেন। পরে জেলা প্রশাসন দুঃখ প্রকাশ করলেও বিএনপি নেতারা আর অনুষ্ঠানে যোগ দেননি।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা বিএনপি।
র্যালিটি সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের কোর্ট মোড়, চৌরাস্তা মোড় ও কবরী রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানে বিপ্লবের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বিএনপি নেতারা জানান, এমন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ঐতিহাসিক অনুষ্ঠানে দিবসের মূল নায়কের ছবি না থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে সন্তোষজনক জবাব বা ব্যাখ্যা না পাওয়ায় তারা অনুষ্ঠান বয়কট করেন। পরে সৃষ্ট পরিস্থিতিতে জেলা প্রশাসন দুঃখ প্রকাশ করলেও বিএনপি নেতারা আর অনুষ্ঠানস্থলে ফিরে যাননি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।











































