Home আঞ্চলিক খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

8


স্টাফ রিপোর্টার
খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালো কালি লেপে বিকৃত করার পর সেটি পুনরায় আঁকার কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে দেয়ালচিত্রটি পরিদর্শন শেষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ ঘোষণা দেন। তিনি ঘটনাটিকে ‘অসম্মানজনক ও বিদ্বেষমূলক’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
নগরীর শিববাড়ী মোড়ের রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়ালে বিকৃত করা দেয়ালচিত্র বা ছবিটি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক। পরে সেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতি পুনরায় আঁকার কাজ শুরু হয়।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে খুলনার ঐতিহ্য, উন্নয়ন ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। এর মধ্যে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও রয়েছে। কিন্তু কে বা কারা তাঁর প্রতিকৃতিতে কালো কালি লেপন করেছে, তা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, মানুষের পছন্দ-অপছন্দ থাকতে পারে। তবে তা প্রকাশ করতে গিয়ে এমন কোনো কাজ করা উচিত নয়, যা অমর্যাদাকর, জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করে কিংবা বিদ্বেষ ছড়ায়। একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করা যায় না। যারা এ কাজ করেছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
কেসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা সামনে রেখে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় বিদ্বেষমুক্ত এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত হয়Ñএমন বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
দেয়ালচিত্র বিকৃতির ঘটনায় পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশকে বলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যেন আর কেউ অংশ না নেয়, সেটিই তাঁদের প্রত্যাশা।