স্পোর্টস ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে কিছুটা চাপে বাংলাদেশ। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
দিনের খেলা শেষে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। হাসান মাহমুদের আশা মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার।
ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ৩৫৬ রানের জবাবে ৩ উইকেটে ৮৮ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। এখনো ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ।
তবে দিনের শেষ ভাগে মুশফিক ও তাওহীদের অবিচ্ছিন্ন জুটি কিছুটা স্বস্তি দিয়েছে। চতুর্থ উইকেটে ৩৭ রান যোগ করে মুশফিক ১৯ ও তাওহীদ ২৯ রানে অপরাজিত আছেন।
এই দুজনের জুটির দিকে তাকিয়ে আছেন হাসান। তার বিশ্বাস, এই জুটি বড় হলে ক্যারিবীয়দের লিড টপকে যাওয়াও সম্ভব, ‘আলহামদুলিল্লাহ, মুশফিক ভাই এবং হৃদয় যদি পার্টনারশিপটা চালিয়ে যেতে পারে, আমার মনে হয় আমরা ওদের লিড পৌঁছে দিতে পারব। আশা করি, আমরা ওদের লিডের রানটা পূরণ করতে পারব।’
ব্যাটিংয়ের জন্য উইকেট এখনো ভালো বলেই মনে করছেন এই পেসার। তার মতে, স্পিন কিংবা পেস; কোনো বিভাগ থেকেই ব্যাটারদের জন্য খুব বেশি চ্যালেঞ্জ আসছে না। তাই দায়িত্বশীল ব্যাটিং করতে পারলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে।
এ প্রসঙ্গে হাসান বলেন, ‘উইকেটটা এখন পর্যন্ত ভালো। স্পিনে দেখছেন, ফাস্ট বোলিংয়েও অত ওরকম কিছু হয়নি। শুরুর দিকে নতুন বলে হয়েছে। কিন্তু এখন আমার মনে হয়, ব্যাটসম্যানরা যদি হৃদয় দিয়ে খেলতে পারে, তাহলে আমরা শেষ করতে পারব।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তার চোটের অবস্থা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সতীর্থ হাসান মাহমুদ জানিয়েছেন, আপাতত বিপদমুক্ত আছেন সাদমান। তবে মাঠে ফিরতে কতদিন লাগবে, সেটি জানতে আরও অপেক্ষা করতে হবে।
দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাদমানের শারীরিক অবস্থা নিয়ে হাসান বলেন, ‘সাদমান ভাই এখন আউট অব ডেঞ্জার। সামনে আরও একটু দেখতে হবে কী অবস্থা আছে, কতদিন লাগবে। এটা ফিজিওরা ভালো বলতে পারবেন। উনি এখন অবজারভেশনে আছেন।’











































