Home আন্তর্জাতিক একদিনে হুতিদের লক্ষ্যবস্তুতে ১,২৯৮ সামরিক অভিযান, ‘নিষ্ক্রিয়’ ৪৪০ জন

একদিনে হুতিদের লক্ষ্যবস্তুতে ১,২৯৮ সামরিক অভিযান, ‘নিষ্ক্রিয়’ ৪৪০ জন

1

আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সামরিক অভিযান ‘ডন অব ইয়েমেন’ পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী। সেই অভিযানের আওতায় মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৪০ জন হুতি যোদ্ধা ও কমান্ডার ‘নিষ্ক্রিয়’ (নিহত বা আহত) হয়েছেন। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার অপারেশন ডন অব ইয়েমেন শুরুর পর এ পর্যন্ত হুতিদের লক্ষ্যবস্তুর ওপর ১,২৯৮টি সামরিক অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল নুজাইলি।

এক্স বার্তায় তিনি বলেছেন, ২৪ ঘণ্টায় হুতি বিদ্রোহী এবং তাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এক হাজার ২৯৮টি আঘাত হেনেছে ইয়েমেনি সেনাবাহিনী। সেসব আঘাতেই নিহত হয়েছেন বিদ্রোহী গোষ্ঠীটির যোদ্ধা ও কমান্ডাররা। খবর এএফপি ও আনাদোলু এজেন্সির।

মক্কা অঞ্চলে ড্রোন হামলা হুতিদের

এদিকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা অঞ্চলে শুক্রবার ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। তবে তা প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

তিনি বলেন, মক্কা অঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে ইরানসমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। গত জুলাইয়ে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে মক্কা ও মদিনার মতো পবিত্র নগরীতে তাদের বাহিনী হামলা চালাবে না বলে বারবার দাবি করে আসছে গোষ্ঠীটি।

এর আগে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মদিনা অঞ্চলে প্রতিহত করা হয়েছে। তবে এ অভিযোগকে ‘নির্লজ্জ ও গুরুতর মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করে হুতি গোষ্ঠী।