ঢাকা অফিস
উপকূল রক্ষী বাহিনী বা কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন হয়েছে। তাতে বাদ পড়েছে ৪ জাতীয় নেতার নাম। জয় বাংলা নামে অন্য জাহাজটিও নতুন নাম পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার জাহাজগুলোর নাম পরিবর্তনের পরিপত্র জারি হয়। তাতে বলা হয়, কোস্ট গার্ডের চিঠির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তনের এই প্রস্তাব অনুমোদিত হলো। এই পরিবর্তনের ফলে বিসিজিএস জয় বাংলা জাহাজটির নতুন নাম হয়েছে বিসিজিএস অদম্য বাংলা।
বিসিজিএস সৈয়দ নজরুল নামের জাহাজটি নতুন নাম পেয়েছে বিসিজিএস ফিরোজ কবীর। বিসিজিএস তাজউদ্দীন জাহাজের নতুন নাম হয়েছে বিসিজিএস নুরুল ইসলাম। বিসিজিএস মনসুর আলী এখন পরিচিত হবে বিসিজিএস এম হুমায়ুন কবীর নামে। বিসিজিএস কামারুজ্জামানের নাম এখন হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নামে কোস্ট গার্ডের জাহাজগুলোর নামকরণ হয়েছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর তারা কারাগারে হত্যাকাণ্ডের শিকার হন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটার পর অন্তর্বর্তী সরকার আমলেই বিভিন্ন স্থাপনা থেকে বঙ্গবন্ধু ও তার পারিবারের বিভিন্ন সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছিল।











































